রেস্তোরাঁর পানিতে কলিফর্ম পানিবাহিত রোগের আশঙ্কা
নগরের বিভিন্ন রেস্তোরাঁর পানীয় জলে বিষাক্ত কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে রেস্তোরাঁনির্ভর লোকজন। এ জীবাণুর কারণে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। পরিবেশ অধিদপ্তর সম্প্রতি নগরের পাহাড়তলী এলাকার ১০টি হোটেল রেস্তোরাঁর কলের (ট্যাপ) পানি পরীক্ষা করেছে। এর মধ্যে প্রতি ১০০ মিলিলিটার পানিতে ১০ থেকে ৫০ কলিফর্ম জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে। ১৯৯৭ সালের পরিবেশ সংরক্ষণ আইনে পানীয় জল কিংবা ব্যবহার্য পানিতে ১ কলিফর্মও থাকতে পারবে না। জানা গেছে, পরিবেশ অধিদপ্তর কয়েক মাস পর পর এ পরীক্ষা চালায়। এর আগে ২০১১ সালের শেষের দিকে নগরের জামালখান, আন্দরকিল্লাসহ বিভিন্ন স্থানের ১৫টি রেস্তোরাঁর পানিতেও কলিফর্ম জীবাণু পাওয়া যায়। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ মো. জমির উদ্দিন বলেন, ‘নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা এ পরীক্ষাটি করি। প্রতিটি রেস্তোরাঁর পানিতে কমবেশি কলিফর্ম পাওয়া গেছে। এর মধ্যে কিছু কিছু রেস্তোরাঁ ওইসব ট্যাপের পানি পানীয় জল হিসেবে গ্রাহকদের সরবরাহ করে। কেউ কেউ হাত-মুখ ধোয়ার কাজে এটি ব্যবহার করছে। সব ক্ষেত্রেই তা ঝুঁকিপূর্ণ।’তবে জানা গেছে, অধিদপ্তর পানি পরীক্ষা করলেও এসব রেস্তোরাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সরাসরি কোনো আইন তাদের কাছে নেই। বিশুদ্ধ খাদ্য আইনে জরিমানার জন্য তারা কেবল সিটি করপোরেশন কিংবা জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটকে বলতে পারেন। বিশুদ্ধ খাদ্য আইনে নিয়মিতভাবে কিছু কিছু রেস্তোরাঁকে জরিমানা করা হয়ে থাকে। এ ধরনের কলিফর্ম স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ায় বলে চিকিৎসকেরা মনে করছেন। এর ফলে টাইফয়েড, ডায়রিয়া, উদরাময়, জন্ডিসসহ নানা ধরনের রোগ হতে পারে বলে তাঁরা মনে করেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, পানির কারণে ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হতে পারে। এ শিশুদের ক্ষেত্রে এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ।চিকিৎসকদের মতে, পানির বিষয়টি খুব স্পর্শকাতর। অনেকে মনে করেন, খনিজ বিশুদ্ধ পানি পান নিরাপদ। কিন্তু পানি পানের পর হাত-মুখ ধোয়ার জন্য সেই ট্যাপের পানিই ব্যবহার করতে হয়। তাই পানি ফুটিয়ে বিশুদ্ধ করে পান ও ব্যবহারের জন্য তাঁরা পরামর্শ দেন।