রেস্তোরাঁয় ফরমাশ খাটত অনুপ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গার ঝুপড়ি একটি রেস্তোরাঁ। পাশে নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। অনুপ অধিকারী নামের এক কিশোর ওই রেস্তোরাঁয় কাজের পাশাপাশি স্কুলেও পড়ত। একবেলা স্কুল, অন্যবেলা রেস্তোরাঁয় ফুটফরমাশ খাটা—এই ছিল তাঁর নিত্যদিনের রুটিন। সপ্তাহে দুই হাটবারে স্কুলে যাওয়া হতো না। পড়াশোনার প্রতি তার প্রবল ঝোঁক। রেস্তোরাঁয় কাজ শেষে রাতে বাড়ি ফিরে পড়তে বসত। এই করেই এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুরের অনুপ অধিকারী।তার বাবা অনিল অধিকারী নামধামহীন ওই রেস্তোরাঁর মালিক, আর মা রাঁধুনি। তাদের আরেক সন্তান অনিক অধিকারী অষ্টম শ্রেণীতে পড়ে। একমাত্র ছোট বোন চৈতী অধিকারী পঞ্চম শ্রেণীর ছাত্রী। অনুপ জানায়, তাদের রেস্তোরাঁয় শুধু শিঙ্গাড়া, সমুচা ও চা বিক্রি হয়। ফল প্রকাশের দিন দুপুরে সে কিছুক্ষণের জন্য স্কুলে গিয়েছিল। ফিরে এসে তাকে আবার রেস্তোরাঁয় কাজে হাত লাগাতে হয়েছে। বাবা অনিল অধিকারী জানান, ছেলেমেয়েদের দুবেলা ঠিকমতো খাওয়াতে পারেন না। রেস্তোরাঁয় কাজ করে ছেলে এত ভালো ফল করবে, তিনি ভাবতে পারেননি। নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, ছেলেটা খুবই দরিদ্র। তবে পড়াশোনায় ভালো। তাই এমন সাফল্য পেয়েছে।