রেহমান সোবহানের বইয়ের মোড়ক উন্মোচন করলেন মনমোহন
উথাল-পাতাল জীবনের গল্প শোনালেন রেহমান সোবহান। গল্পের রেশ ধরে আরও গল্প উঠে এল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কণ্ঠে। ক্রমেই বিস্তৃত হলো তার শাখা-প্রশাখা। মন আচ্ছন্ন হলো স্বাধীনতা সংগ্রামের কাহিনিতে।
সোমবার, ১৪ ডিসেম্বরের সন্ধ্যা। নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আবেশ-মুগ্ধ পরিবেশে উন্মোচিত হলো বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানের স্মৃতিকথা ‘আনট্রাঙ্কুইল রিকালেকশনস, দ্য ইয়ার্স অব ফুলফিলমেন্ট’। উন্মোচক রেহমান সোবহানের কেমব্রিজের বন্ধু মনমোহন সিং। এই নামেই শেষ হলে এই সন্ধ্যা আবেশে এতটা মাখামাখি হয়তো হতো না। কারণ, বাংলাদেশের উথাল-পাতাল অধ্যায়ের গল্প শোনাতে রেহমান সোবহানের সঙ্গী দুই সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবে ও দেব মুখার্জি, তাঁরই সঙ্গে দার্জিলিংয়ের সেন্ট পলসে পড়া বিখ্যাত ডাক্তার সমীরণ নন্দী এবং সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন। রেহমান সোবহানের গল্পের রেশ ধরে পাল্টা কাহিনি এবং সেই সঙ্গে নানান কৌতূহলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যেন বিমূর্ত হয়ে ওঠে। শ্রোতারা ফিরে ফিরে যান ইতিহাসের সেই অধ্যায়গুলিতে।
শুরুতেই রেহমান সোবহান কবুল করে নেন, এই বই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নয়, তবে ইতিহাসের কিছু অংশ যা তিনি দেখেছেন তাঁর মতো করে এবং ব্যাখ্যাতেও রয়েছে স্বকীয়তা। সেন্ট পলস থেকে লাহোরের এচিসন কলেজ, তারপর বিলেতে কেমব্রিজের আঙিনা এবং সেখান থেকে ক্রমে ক্রমে ’৬০-এর দশকের উত্তাল দিনের শরিক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সান্নিধ্য-বর্ণনা মন্ত্রমুগ্ধ করে রাখে রাজধানীর ‘হুজ হু’কে। ১৯৫৫ সালে কেমব্রিজে জওহরলাল নেহরুর সঙ্গে তোলা একটা গ্রুপ ফটোগ্রাফ থেকে তাঁর মুখটা কেটে পাকিস্তানি শাসক কীভাবে অন্য একজনের তল্লাস করছিল, কীভাবে তিনি তাজউদ্দীন আহমদকে ভারতীয় নেতৃত্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই কাহিনি শোনাতে শোনাতে রেহমান সোবহান বলেন, স্বাধীনতার সংগ্রামের সেই পর্বে অর্থনীতিবিদদের কাছে ঋণী থাকতেই হবে। কেননা, ‘অমর্ত্য সেন থেকে অশোক মিত্রর হাত ধরে পি এন দার হয়ে শেষ পর্যন্ত সেই সময়কার ভারতে ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি পি এন হাকসারের সঙ্গে আমার পরিচয়। তাজউদ্দীন আহমদকেও তৎকালীন ভারতীয় নেতৃত্ব সেভাবে চিনতেন না। চেনা-জানার সেই সলতে পাকানোর কাজটিও আমায় করতে হয়েছিল।’
এইখান থেকেই গল্পের রাশ হাতে তুলে নেন মনমোহন সিং। বলেন, ‘সেই ৫৫ সাল থেকে চেনাজানা। রেহমানের জীবনটাই একটা অ্যাডভেঞ্চার। পুঁথির জগৎ থেকে স্বাধীনতার অংশীদার হওয়া চাট্টিখানি কথা নয়। রেহমানে বঙ্গবন্ধু এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সেই সাহচর্য ৬ দফা দাবির জন্ম দেয়। একটা সময় রেহমান ছিলেন বিদেশে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার ওয়ান ম্যান আর্মি।’ মনমোহন মনে করিয়ে দেন, স্বাধীনতার পর পি এন হাকসারই তাঁকে সে দেশে পাঠিয়েছিলেন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র বিস্তার করতে। অন্যদের সঙ্গে রেহমান সোবহানও তখন বাংলাদেশের অর্থনীতিবিদদের দলে ছিলেন। তাঁর কথায়, ‘সেই কাজ আমরা আজও করে চলেছি।’ মনমোহনের আক্ষেপ, বঙ্গবন্ধু কী সুন্দরভাবে আমাদের রিপোর্ট দেখেছিলেন এবং মত বিনিময় হয়েছিল, রেহমানের বইয়ে সেই কাহিনি বিধৃত হয়নি। মনমোহনের আক্ষেপ দূর করে রেহমান সোবহান বলেন, সেটা হবে তাঁর পরবর্তী বইয়ের উপাদ্য।
বই নিয়ে বিস্তর কাটাছেঁড়া মাঝে মুচকুন্দ দুবে জানিয়ে দেন রেহমান সোবহানের বহুমুখী প্রতিভার কাহিনি। শিক্ষাক্ষেত্র থেকে রাজনীতি তো আছেই কিন্তু হেন কোনো খেলা নেই যেখানে রেহমান সোবহানের ছায়া পড়েনি। ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিকস, বক্সিংয়েও ছিল তাঁর সমান দখল। মুচকুন্দ দুবের কথায়, ‘শুধু কি তাই? রেহমান গান ও নাচেও যেমন ছিলেন দক্ষ, তেমনই পারদর্শী ছিলেন সিনেমাতেও। একটা সময় খবরের কাগজও বের করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ও ৬ দফা দাবি সাকার করতে।’ তৎকালীন পাকিস্তানের দুই প্রান্তের জন্য দুই ধরনের অর্থনীতি থাকার কথা তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন রেহমান সোবহান। তার উল্লেখ করে মুচকুন্দ দুবে বলেন, ‘শুনে ক্ষিপ্ত আইয়ুব খান বলেছিলেন, না, আমাদের অর্থনীতি একটাই।’
সেই দ্বৈত অর্থনীতি এবং ভাষা-মাধুর্যের অহংকার ক্রমে ক্রমে বাংলাদেশের স্বাধীন চেতনা উসকে দেয়। দেব মুখার্জি তার উল্লেখ করে বলেন, গোটা বইতে কখনো ‘বেঙ্গলি’ তিনি লেখেননি। লিখেছেন ‘বাঙালি’। এর পরই এক অন্য গল্প শোনালেন দেব মুখার্জি। ‘রেহমান লন টেনিসে রামনাথন কৃষ্ণনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। খেলার ফল কী হয়েছিল সেটা বড় কথা নয়, তবে টেবিল টেনিসে তিনি খুশবন্ত সিংকে হারিয়েছিলেন।’ আর শোনালেন সেই কাহিনি, যার মোদ্দা কথা হলো, রেহমান সোবহানের বাবার চামড়ার কারবার ছিল। সে জন্য তিনি বিলেতে এক চামড়ার ব্যবসায়ীর সঙ্গে নাড়া বেঁধেছিলেন। অস্ট্রিয়ায় গিয়েছিলেন বুটিক জুতা তৈরি শিখতে।’ দেব মুখার্জির আগ্রহ দেখান এটা জানতে যে, পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায় ও পিপলস পার্টিও (পিপিপি) কি নিজেদের নিছক ব্যবসায়ীর স্বার্থে সে সময় দুই পাকিস্তানের বিভাজন চেয়েছিল?
সমীরণ নন্দী নিজের সঙ্গে রেহমান সোবহানের মানসিকতার ভিন্নতা তুলে ধরে বলেন, বিলেতে পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে আমি যখন দেশে না ফেরার ফিকির খুঁজছি ও আমেরিকায় পালাচ্ছি, রেহমান তখন সোজা ঢাকায় অবতীর্ণ। দেশের প্রতি প্রেমের এ এক অন্য নিদর্শন।
ইতিহাসবিদ শ্রীনাথ রাঘবন দুটি বিষয়ের উল্লেখ করেন। তিনি মনে করেন, ১৯৭১ এর যুদ্ধে পাকিস্তানকে চীন সহায়তা না করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, পশ্চিমা দুনিয়া ঠিক করে পাকিস্তানকে তখনই আর অর্থ সাহায্য দেওয়া হবে না। এই দুই সিদ্ধান্ত অন্যরকম হলে ইতিহাস কোন দিকে মোড় নিত তা অজানা থাকল।
রেহমান সোবহানের এই বইয়ের প্রকাশক ‘সেজ পাবলিকেশনস’। সেজ-এর এটা ৫০ তম বছর। এই বছর থেকেই তারা অন্য ভাষাতেও বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। রেহমান সোবহানের এই বইটির বাংলা অনুবাদও তারাই করবে বলে জানানো হয়।