রেহানার সঙ্গে আলোচনা নিয়ে মুখ খুলতে নারাজ পঙ্কজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার সঙ্গে গতকাল রোববার রাতে অনুষ্ঠিত বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে রাজি হননি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি নন বলে জানান।
শেখ রেহানা গতকাল সন্ধ্যায় ভারতীয় হাইকমিশনারের বাসায় যান। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত তাঁরা আলোচনা করেন। তবে শেখ রেহানার সঙ্গে পঙ্কজ শরণে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানা যায়নি।
তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে তা নিয়ে আজ সাংবাদিকেরা জানতে চাইলে পঙ্কজ শরণ বলেন, ‘ওই আলোচনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
বর্তমান পরিস্থিতি সম্পর্কে পঙ্কজ শরণ বলেন, বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যত্ নির্ধারণ করবে। আর এ ব্যাপারে বাংলাদেশের জনগণের সিদ্ধান্তে ভারতের যথেষ্ট আস্থা রয়েছে।
আসন্ন নির্বাচনে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতীয় হাইকমিশনার বলেন, আগামী কয়েক সপ্তাহে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।