রোকেয়া দিবসে পাঁচ নারীকে সম্মাননা
বাধা পেরোনোর গল্প তাঁদের। পরিবারের গণ্ডি ছেড়ে তাঁরা আজ অন্য সবার জন্য অনুপ্রেরণা। পাঁচটি ক্ষেত্রে পাঁচজন হয়ে উঠেছেন অনন্যা। চট্টগ্রামের পাঁচ জয়িতাকে গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সম্মাননা দেওয়া হয়েছে।
ওই পাঁচজন হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহীন হাসরিন, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী জাহান আরা বেগম, সফল জননী শামীমা আক্তার চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা খালেদা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য তাহমিনা হক চৌধুরী।
জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।
রোকেয়া দিবসে সম্মাননা ছাড়াও ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। সকাল সাড়ে আটটায় শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেনসহ চট্টগ্রামের বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন। জেলা শিল্পকলা একাডেমী থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়।
এরপর শিশু একাডেমী প্রাঙ্গণে রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিভা হক। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সমাজে নারীর যে উন্নয়ন, তার প্রধান স্বপ্নদ্রষ্টা বেগম রোকেয়া। তাঁর অসামান্য অবদানেই সমাজে ধীরে ধীরে নারী-পুরুষ বৈষম্য দূর হচ্ছে।