রোকেয়া পদকপ্রাপ্ত অধ্যাপিকা বেগজাদী মাহমুদার ইন্তেকাল
সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বেগজাদী মাহমুদা নাসির আর নেই। রোকেয়া পদকপ্রাপ্ত এই নারী বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর টিকাটুলীর সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রাঙ্গণে গতকাল বিকেলে জানাজা শেষে রাতে বনানী কবরস্থানে লাশ দাফন করা হয়।
বেগজাদী মাহমুদা নাসিরের জন্ম ১৯২৯ সালে ফরিদপুরে। ১৯৪৭ সালে কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজ থেকে স্নাতক ও ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন তিনি।
বেগজাদী মাহমুদা নাসির ১৯৫৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ এবং ১৯৯৩ থেকে ১৯৯৯ পর্যন্ত সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ছিলেন। ২০০০ সাল থেকে আমৃত্যু তিনি এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, ১৯৬৫ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। নারী শিক্ষার উন্নয়নে অবদানের জন্য ২০০১ সালে তাঁকে রোকেয়া পদকে ভূষিত করা হয়। বিজ্ঞপ্তি।