রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা
টানা আড়াই মাস ধরে শিক্ষক সমিতির আন্দোলনের কারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা উদ্বিগ্ন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে শুধু আমাদের বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ২১টি বিভাগে ৯০ হাজার ৪০২ জন শিক্ষার্থীর আবেদন পড়েছে। এর বিপরীতে আসন রয়েছে ১ হাজার ২২৫টি।
গেল বছরের ৪, ৫ ও ৬ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ব ঘোষণা ছিল। কিন্তু এর আগে ২ নভেম্বর থেকে ২৭ জন শিক্ষকের পদোন্নতির দাবিতে শিক্ষক সমিতি একটানা আন্দোলন শুরু করে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে। নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। রংপুর শহরের কলেজ রোডের জামিউল ইসলাম তাঁর মেয়ের ভর্তির জন্য এ বিশ্ববিদ্যালয়ে ফরম জমা দিয়েছেন। প্রতিদিনই তিনি জানতে চান কোনো সুরাহা হলো কি না। তিনি আক্ষেপ করে বলেন, ‘রংপুরে একটা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো। বাড়ির কাছে বিশ্ববিদ্যলয়ে মেয়েকে পড়াতে চাই বলে অন্য জায়গায় ভর্তির জন্য তেমন একটা ছুটাছুটি করিনি।’
লালমনিরহাট থেকে ভতি-ইচ্ছুক এক শিক্ষার্থীর বাবা শফিয়ার রহমান বলেন, ‘বছর শেষ হয়ে গেলেও এখনো এখানে প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির দিনক্ষণ নির্ধারণ হলো না। তাহলে আমরা আমাদের সন্তানদের নিয়ে কোথায় যাব?’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা আমাদের ন্যায়সংগত দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু প্রথম বর্ষ ভর্তির বিষয়ে উপাচার্য স্যার উদ্যোগ গ্রহণ না করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমরাও চাই না শিক্ষার্থী-অভিভাবকেরা অনিশ্চয়তার মধ্যে থাকুক।’
উপাচার্য এ কে এম নূর-উন-নবী গতকাল শনিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমিও ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন। আমার উদ্যোগ নেই এমন অভিযোগ সত্য নয়। ওনারাই তো (শিক্ষক সমিতি) ভর্তি কমিটিসহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলেন। এ অবস্থায় আমারই বা কী করার আছে!’
প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে শিক্ষক সমিতি প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে উপাচার্যের পদত্যাগের দাবি তুলে এক দফার আন্দোলন শুরু করেছে। এদিকে শিক্ষকদের আন্দোলন অব্যাহত থাকলেও বিভিন্ন বিভাগের কিছু কিছু ক্লাস হচ্ছে।