রোকেয়ার ভিটায় 'বিনা মূল্যে শ্রম'
ওরা শিশু, কিশোর, তরুণ। প্রায় সবারই এক হাতে দা-কাস্তে। অন্য হাতে পলিথিন। সবাই ব্যস্ত এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতায়। এ দৃশ্য নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার রংপুরের পায়রাবন্দের বসতভিটা খোর্দ মুরাদপুর গ্রামের। প্রতি শুক্রবার স্বেচ্ছাশ্রমের এ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ৮০ থেকে ১০০ জন মানুষ। তাঁরা বিভিন্ন বয়সের ছাত্র, কৃষক, ব্যবসায়ী—নানা শ্রেণি-পেশার মানুষ। দা-কাস্তের পাশাপাশি তাঁদের হাতে লাঠি ও ঝাড়ু। তাঁরা পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের পাশের একটি বাঁশখেত পরিষ্কার করছেন। জংলা কেটে সাফ করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, গত জুলাই মাসের প্রথম শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন ১৮ জন এ কাজে অংশ নিয়েছিলেন। এর পরদিন থেকে স্বেচ্ছাসেবী লোকের সংখ্যা বাড়ছে। পায়রাবন্দের খোর্দ মুরাদপুর গ্রামের বেগম রোকেয়ার বসতভিটার স্থান, স্মৃতিকেন্দ্র, রাস্তার দুই ধার, স্কুল-কলেজ এবং এর আশপাশের আরও কিছু এলাকা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা এ কাজ চলে। স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচির নাম দিয়েছেন ‘বিনা মূল্যে শ্রম’।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা পায়রাবন্দের খোর্দ মুরাদপুর গ্রামের বাসিন্দা ও বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের প্রধান উদ্যোক্তা রফিকুল ইসলাম বলেন, ‘দেশ-বিদেশের অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। এমনই একটি ঐতিহাসিক স্থানের আশপাশের এলাকা যদি অপরিচ্ছন্ন থাকে, তাহলে তা আমাদের এলাকার জন্য লজ্জাকর। এ উপলব্ধি থেকেই কার্যক্রমটির সূত্রপাত।’
পায়রাবন্দ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আমিরুল ইসলাম (২০) বলেন, ‘দেশের এমন স্মৃতিধন্য জায়গাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারা আমাদের জন্য আনন্দের, গর্বের।’
কৃষক খোরশেদ আলম (৫০) বলেন, ‘প্রতিদিনকার কামের ফাঁকোত যদি একটা দিন অল্প সময় কাম করি, হামার এলাকার সুনাম হয়—এইটাই হামার আসল কথা।’
বেগম রোকেয়ার স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের ভাতিজি রঞ্জিনা সাবের বলেন, ‘এ এলাকাটা পরিচ্ছন্ন থাকলে সকলেরই ভালো লাগার কথা। তেমনি আমিও আনন্দিত যে গ্রামবাসী কোনো টাকা ছাড়া এমন একটি উদ্যোগ গ্রহণ করেছেন।’
বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বলেন, ‘বিনা মূল্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার আন্দোলন পায়রাবন্দ থেকে সবখানে ছড়িয়ে পড়ুক—এমনই প্রত্যাশা করি।’