রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং এবং রেডিওথেরাপি বিভাগে রোগ নির্ণয় ও চিকিৎসা চলছে নড়বড়ে যন্ত্র দিয়ে। এসব যন্ত্র দিয়ে সঠিকভাবে রোগ নির্ণয় করা সম্ভব হয় না। আবার এ চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতিও কেনা হচ্ছে না।
দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে এই বৃহৎ হাসপাতালে যাঁরা চিকিৎসা নিতে আসছেন, তাঁদের অধিকাংশকেই পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি রোগনির্ণয় কেন্দ্রে পাঠানো হচ্ছে। আবার রেডিওথেরাপি বিভাগের নড়বড়ে যন্ত্রের কারণে ঠিকমতো ক্যানসারের চিকিৎসাই দেওয়া সম্ভব হচ্ছে না।
হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগ থেকে জানা গেছে, এ বিভাগের সিটিস্ক্যান যন্ত্রটি দুই বছর ধরে অচল হয়ে পড়ে আছে। ২০০৫ সালের প্রথম দিকে কেনা হয় এটি। সিটিস্ক্যানের জন্য রোগীদের হাসপাতালের বাইরে পাঠাতে হয়। সাধারণত এ ধরনের রোগীকে হাসপাতালের বাইরে নিয়ে সিটিস্ক্যান করানো অনেক ঝুঁকিপূর্ণ। এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ যন্ত্রটি আসেনি।
একইভাবে প্রায় ১০ বছর আগের তিনটা আল্ট্রাসনোগ্রাম যন্ত্র রয়েছে। এগুলোর অবস্থাও একই। একটি নতুন চায়না আল্ট্রাসনোগ্রাম যন্ত্র রয়েছে। সেটি হাসপাতালের এত বিশাল চাপ সহ্য করার মতো নয়। সারা দিনে অল্প কিছু কাজ করা যায়। এরই মধ্যে নিম্নমানের আরও দুটি চায়না যন্ত্র সরবরাহ করা হয়েছে। কিন্তু তা দিয়ে কাজ করা যাচ্ছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রক্তনালির পরীক্ষার জন্য এখন কালার ডপলার যন্ত্রটি জরুরি। কিন্তু কোনো দিনই হাসপাতালে এই যন্ত্র কেনা হয়নি। পুরোনো এক্স-রে যন্ত্রগুলোয় ছবি ভালো আসে না। এখন চিকিৎসকেরা প্রায়ই রোগীদের ডিজিটাল এক্স-রে করাতে বলেন, সে জন্য তাঁদের বাইরে যেতে হয়। স্তন ক্যানসার পরীক্ষার জন্য নেই মেমোগ্রাফি যন্ত্র।
রেডিওথেরাপি বিভাগ থেকে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রায় দেড় যুগ আগের একমাত্র কোবাল্ট-৬০ যন্ত্র দিয়ে ক্যানসারের রোগীদের চিকিৎসা ও শিক্ষার্থীদের পাঠদান চলছে। চিকিৎসকেরা বলছেন, একমাত্র পুরোনো যন্ত্রটি বয়স ও বাড়তি রোগীর চাপের কারণে মাঝেমধ্যেই অচল হয়ে যায়। গত বছর নতুন যন্ত্রের জন্য মন্ত্রণালয় অনুমোদন দিলেও অজ্ঞাত কারণে তা সরবরাহ করা হয়নি।
ঢাকার বাইর শুধু রাজশাহী মেডিকেল কলেজেই এমফিল ও এমডি-রেডিওথেরাপি (অনকোলজি) ডিগ্রি দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পাশাপাশি প্রতিদিন এক থেকে দেড় শ রোগীর চিকিৎসা দেওয়া হয়। এ জন্য ১৯৯৬ সালে স্থাপিত চীনের তৈরি ‘কোবাল্ট-৬০’ যন্ত্রটি একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে যন্ত্রটির কার্যক্ষমতা ইতিমধ্যে শেষের দিকে চলে এসেছে। চিকিৎসকেরা জানান, এ যন্ত্র দিয়ে রোগী নির্ণয়ও ঠিকমতো করা যায় না।
হাসপাতালের পক্ষ থেকে গত জুলাই মাসে এ যন্ত্রটিসহ ‘লিন্যাক’ নামের অপর একটি যন্ত্রের চাহিদা পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে গত বছর ৩ সেপ্টেম্বর কানাডার তৈরি একটি কোবাল্ট-৬০ যন্ত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিস্থাপনের জন্য কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেক এতে স্বাক্ষর করেছেন। এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থেকে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে যন্ত্রটি এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরবরাহ করা হয়নি।
এমফিলের একজন ছাত্র বলেন, রাজশাহী মেডিকেল কলেজে উচ্চতর পড়াশোনার ব্যবস্থা রয়েছে। এখানে ভালো যন্ত্রপাতি নেই। অথচ বগুড়া মেডিকেল কলেজে উচ্চতর পড়াশোনার কোনো ব্যবস্থা নেই, সেখানেই আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তিনি বলেন, লিন্যাক যন্ত্র না থাকার কারণে এখানে চামড়ায় ক্যানসারের চিকিৎসা করা যায় না।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, সিটিস্ক্যান যন্ত্রটি আসতে আরও দেড় মাস সময় লাগতে পারে। অন্যান্য যন্ত্রপাতির সব চাহিদা দেওয়া আছে। তবে ক্যানসার ব্যবস্থাপনার জন্য কোবাল্ট নয়, ব্র্যাকি থেরাপি নামের একটা নতুন যন্ত্র অল্প দিনের মধ্যেই আসবে।