রোগ-শোক থেকে রক্ষা পেতে 'রক্ষাকালী' পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগ-শোক ও দুঃখ-কষ্ট থেকে রক্ষা পেতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ঘোষপাড়ায় ‘রক্ষাকালী মা’-এর পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার রাত ১২টা থেকে পূজা শুরু হয়ে আজ সোমবার সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
এবার নিয়ে সাতপুরুষ ধরে ঘোষপাড়ায় বসবাসকারী কয়েকটি পরিবার এই বিশেষ ধরনের কালীপূজার আয়োজন করে আসছে। বহু বছর আগে কলেরার প্রকোপে মড়ক শুরু হয় এ গ্রামে। মড়ক থেকে রক্ষা পেতে কালী মায়ের কৃপা পেতে বিরাট আকৃতির প্রতিমা তৈরি করে পূজা দিতে মানত করেছিলেন গোলক বিহারী ঘোষ নামের এক ব্যক্তি। বড় আকারের প্রতিমা বানিয়েই কালীপূজা দিয়েছিলেন তিনি। মায়ের কৃপায় মড়কও নাকি বন্ধ হয়েছিল। জীবদ্দশায় তিনি এ পূজা চালু রেখেছিলেন। ছেলেকেও বলে যান এ পূজা অব্যাহত রাখতে। এভাবেই বংশপরম্পরায় চলছে এ পূজা। গোলক বিহারী ঘোষ পরিবারের সপ্তম পুরুষ মণি ঘোষ (৭২) প্রথম আলোকে জানান রক্ষাকালী পূজা আয়োজনের এ কাহিনি।
মণি ঘোষ আরও বলেন, বড় আকারের প্রতিমা বানাতে গিয়ে কালীপূজার স্বাভাবিক সময় (কার্তিক মাসের অমাবস্যা) পার হয়ে যায়। আসে অগ্রহায়ণ মাস। এ জন্য একে ‘লবাইনা’ অর্থাৎ নবান্নের কালী বলা হয়। এ পাড়ার ঘোষেরা পূজা অনুষ্ঠানের আগে নতুন ধানের ভাতও খান না। এ পূজায় ঢাকের তালে নাচে পাড়ার সব নারী-পুরুষ ও শিশু।
পূজা উপলক্ষে ঘোষপাড়া চত্বরে বসে মেলা। দূরদূরান্তের গ্রামগঞ্জ থেকে পরিবার-পরিজন নিয়ে কালী প্রতিমা দেখতে আসে অসংখ্য মানুষ। তারা মেলা থেকে কিনে নিয়ে যায় মিঠাই-মণ্ডা, খেলনা, চুড়ি-ফিতাসহ নানা প্রসাধনী।