রোগনির্ণয় কেন্দ্রের মালিকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করার দায়ে রাজধানীর গুলশানের নর্দ্দা বাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের মালিককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। র্যা বের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার এ দণ্ড দেন। দণ্ড পাওয়া ব৵ক্তির নাম ফিরোজ খান (৩০)।
র্যা ব সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে র্যা ব-২-এর একটি দল নর্দ্দা বাজারে ইউনাইটেড হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের ওই রোগনির্ণয় কেন্দ্রে অভিযান চালায়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা অংশ নেন। আদালত দেখতে পান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ দিয়ে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ সময় আদালত ফিরোজ খানকে আটক করেন।
ফিরোজ আদালতকে বলেন, কয়েক বছর আগে ইউনাইটেড হেলথ কেয়ার সেন্টার নামে রোগনির্ণয় কেন্দ্রটি চালু করলেও তিনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো লাইসেন্স নেননি। সাইনবোর্ডে খ্যাতিমান চিকিৎসকদের নাম ব্যবহার করা হলেও তাঁরা কেউ এখানে বসেন না। চিকিৎসক না হয়ে তিনি নিজেই রোগীর নিরীক্ষাপত্রে স্বাক্ষর করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ফিরোজ কয়েক বছর আগে প্যারামেডিকেল-বিষয়ক একটি সংক্ষিপ্ত কোর্স করেছেন। তিনি চিকিৎসকের সনদ দেখাতে পারেননি। দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক তাঁকে এক বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।