দেশের সরকারি হাসপাতালগুলোতে দিনে গড়ে ১৬ হাজারের বেশি রোগী ভর্তি হয়। এর মধ্যে ৯ শতাংশের বেশি (১ হাজার ৪৭৫ জন) ভর্তি হয় আকস্মিক আঘাত বা হামলার শিকার হয়ে, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এবং বিষপান ও বিষক্রিয়াজনিত চিকিৎসা নিতে।
এ তিন কারণে বছরে সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় ৫ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রোগবহির্ভূত ও প্রতিরোধযোগ্য এসব সমস্যার পেছনে স্বাস্থ্য খাতের অনেক অর্থ খরচ হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়, হামলা ও আকস্মিক আঘাতের চিকিৎসা নিতে দৈনিক গড়ে ৮৩২ জন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দৈনিক ৪৮২ জন ভর্তি হয়। আর বিষপান করে ও বিষক্রিয়ায় ভর্তি হচ্ছে ১৬১ জন করে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, হামলা বা আকস্মিক আঘাত, সড়ক দুর্ঘটনা, বিষপান, পানিতে ডোবা—এগুলো রোগ নয়, কিন্তু স্বাস্থ্যসমস্যা। এসব রোগবহির্ভূত সমস্যা হাসপাতাল ব্যবস্থাপনা ও ব্যয়ের ওপর বড় প্রভাব ফেলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘ক্রমবর্ধমান মানসিক চাপের কারণে মানুষ সহিংস হচ্ছে, নির্যাতন-হামলার শিকার হচ্ছে, কেউ বিষপান করছে। এই মানসিক চাপ কমাতে রাষ্ট্রের চেয়ে কমিউনিটি সংগঠন বা দাতব্য সংগঠনের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সেই দিকেই জোর দিতে হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) গত ৩১ ডিসেম্বর ‘হেলথ বুলেটিন ২০১৫’ প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০১৪ সালে দেশের ৪০৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬২টি জেলা ও সদর হাসপাতালে এবং ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১ লাখ ৭৫ হাজার ৮৬৫ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছিল। ওই বছর বিষপান, বিষক্রিয়া ও অনুরূপ কারণে ভর্তি হয়েছিল ৫৮ হাজার ৮৪০ জন। একই সময়ে উপজেলা, জেলা ও সদর হাসপাতালে আকস্মিক আঘাত বা হামলার শিকার হয়ে ভর্তি হয়েছিল ৩ লাখ ৩ হাজার ৯৪৩ জন। এই তিনটি কারণে ২০১৪ সালে ৫ লাখ ৩৮ হাজার ৬৪৮ জন ভর্তি হয়। অর্থাৎ রোগবহির্ভূত কারণে দৈনিক গড়ে ১ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়।
বুলেটিনের বিশ্লেষণে বলা হয়, এই তিনটি কারণের রোগীদের জন্য স্বাস্থ্য খাতের বিনিয়োগের উল্লেখযোগ্য অংশ ব্যয় হচ্ছে।
আঘাত পাওয়া বা বিষপান করা একজন রোগীর জন্য হাসপাতালে কত খরচ হয়, তার সঠিক হিসাব স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি। হাসপাতালে অবস্থানকাল, অস্ত্রোপচার করা না করা, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চিকিৎসাসামগ্রী—এসব রোগীভেদে পার্থক্য হয়। হেলথ ইকোনমিক ইউনিট ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা’ কর্মসূচির জন্য উপজেলা পর্যায়ে ৫০টি রোগের সম্ভাব্য চিকিৎসাব্যয় নিরূপণ করেছে। তার মধ্যে আঘাত বা বিষপানের চিকিৎসাব্যয়ের হিসাব নেই। তবে অভিজ্ঞতার ভিত্তিতে ইউনিটের কর্মকর্তারা বলেন, হাতভাঙা একজন রোগীর জন্য শুরুতে গড়ে দেড় হাজার টাকা খরচ হয়ে যায়। আঘাত জটিল ও গুরুতর হলে খরচও বাড়ে।
একাধিক চিকিৎসক বলেছেন, আইনি লড়াইয়ে সুবিধা আদায়ের জন্য হামলার শিকার কিছু রোগী প্রয়োজন না হলেও বেশি দিন হাসপাতালে থাকতে চায়। অনেক ক্ষেত্রে প্রভাবশালীরা এ জন্য চাপ দেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক সেলিম রেজা বলেন, দীর্ঘদিন শয্যাশায়ী হওয়ার মতো বা জীবন বিপন্নকারী আঘাত হলে তা গুরুতর আঘাত বলে বিবেচিত হয়। ২১ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হলে তা গুরুতর আঘাত বলে বিবেচনা করা হয়।