রোগমুক্তির আশায় 'মাজারে' ভিড়
রঙিন বাতি ও কাগজের ফুলে সাজানো নতুন টিনের ঘর। কালো শালুতে ঢাকা একটি পাকা ‘কবর’। এটিকে মাজার আখ্যায়িত করে এখান থেকে দেওয়া হচ্ছে ‘সর্বরোগের ওষুধ’। তাই এখানে ভিড় করেন বহু নারী-পুরুষ।
অনেকেই চাল, ডাল, মুরগি, তেল ও নগদ টাকা নিয়ে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন। রোগমুক্তির আশায় ‘মাজার’ কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছেন এসব সামগ্রী। পাশে একটি বড় পাত্রে রান্না হচ্ছে খিচুড়ি। এ দিন এটিই সর্বরোগের মহৌষধ। রান্না শেষ হলে খেয়ে রোগমুক্তির আশা নিয়ে বাড়ি ফিরবেন সবাই। পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামে হঠাৎ তৈরি হওয়া একটি মাজারে গত শুক্রবারের দৃশ্য এটি।
এলাকাবাসী সূত্র জানায়, প্রথমে এখান থেকে সর্বরোগের ওষুধ হিসেবে মাটি খাওয়ানো হতো। পরে জায়গাটিকে মাজারে রূপান্তর করা হয়। এখন ওষুধ হিসেবে শুক্রবার খিচুড়ি ও সপ্তাহের অন্য দিনগুলোতে চাল, তেল ও পানি দেওয়া হচ্ছে। কাজটি করছেন গ্রামের একজন নারী ও তাঁর পরিবারের সদস্যরা।
এ প্রসঙ্গে ইসলামিক ফাউন্ডেশন পাবনার সহকারী পরিচালক বজলুল করিম প্রথম আলোকে জানান, ইসলাম এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। কিছু মানুষ নিজেদের ফায়দা হাসিলের জন্য এ ধরনের ফাঁদ পাতে। দেশে এ পর্যন্ত এমন যতগুলো গুজব ছড়ানো হয়েছে, তার সবই পরে ভুয়া প্রমাণিত হয়েছে।
পাবনা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের মিয়া বলেন, ‘আমাদের দেশের মানুষ কম শিক্ষিত। ফলে তারা খুব সহজেই অনেক কিছু বিশ্বাস করে। রোগের কারণে প্রত্যেকের মধ্যে একধরনের মানসিক দুর্বলতা তৈরি হয়। তখন কারও প্রতি রোগ সারানোর বিশ্বাস তৈরি হলে মন সবল হয়ে ওঠে। ফলে এ ধরনের মাটি, চাল, পানি ও তেলপড়ায় রোগ আপাতত কিছুটা উপশম হয়েছে মনে হলেও নিরাময় হওয়ার কোনো সম্ভাবনা নেই।’
এলাকাবাসী সূত্র জানায়, যে জায়গায় মাজারটি তৈরি করা হয়েছে তার মালিক গ্রামের হাসেম কাজী। একসময় এ জায়গায় জঙ্গল ছিল। প্রায় ৪০ বছর আগে ওই জঙ্গলটি পরিষ্কার করেন হাসেম কাজী। এর কিছুদিন পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে তখন থেকেই জায়গাটির প্রতি একটি বিশ্বাস তৈরি হয় গ্রামবাসীর। তাঁদের ধারণা, এখানে কোনো পীর-দরবেশের কবর আছে। এরপর দীর্ঘ সময় পার হয়। দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন থেকে ১৯৯৫ সালে হাসেম কাজী মারা যান। চলতি বছরের জানুয়ারি মাসে একই জায়গার একটি আমগাছ কাটেন হাসেম কাজীর ভাতিজা রুহুল কাজী। এর এক দিন পর তিনি বুকে ব্যথা অনুভব করে মারা যান। এতে ওই জায়গাটির ওপর বিশ্বাস আরও প্রবল হয় গ্রামবাসীর। এর পর থেকেই জায়গাটি নিয়ে তৈরি হতে থাকে নানা কল্পকাহিনি। সেখানে তৈরি করা হয় একটি মাজার। রোগমুক্তির আশায় খাওয়ানো হয় এখানকার মাটি। মাজারের প্রধান খাদেমের দায়িত্ব পালন করছেন মৃত হাসেম কাজীর মেয়ে হাফিজা খাতুন। তিনি একসময় মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কথা হয় হাফিজার সঙ্গে। তিনি জানান, স্বপ্নে তিনি এই মাজারের দায়িত্ব পেয়েছেন। স্বপ্নের মাধ্যমে তাঁকে জায়গাটি বাঁধাই (ইট-সিমেন্টের পিরামিড তৈরি) করতে বলা হয়। প্রথমে তিনি তা করেননি। ফলে তাঁর চাচাতো ভাই রুহুল কাজী মারা যান। পরে তিনি ভয়ে জায়গাটি সংরক্ষণ শুরু করেন। এর পর থেকে কেউ একজন (অদৃশ্যশক্তি) তাঁর ওপর ভর করতে থাকেন। আর তাঁর আদেশেই এসব করা হচ্ছে। তিনি বলেছিলেন এখানকার মাটি খেলে সর্বরোগ ভালো হবে। তাই প্রথমে রোগমুক্তির জন্য মাটি দেওয়া হতো।
পরে মাজার তৈরির আদেশ আসে। তাই মাজার তৈরি করা হয়েছে। মাটি খাওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছিল না স্থানীয় আলেম সম্প্রদায়। তারা নানা কথা বলত; তাই এখন মাটির পরিবর্তে চাল, তেল ও পানি দেওয়া হচ্ছে। তিনি দাবি করে বলেন, ‘যেকোনো খাবার মাজারে রেখে খেলেই রোগমুক্তি হয়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে বহু মানুষ মাজারে আসছেন। আমরা পরিবারের সদস্যরা মিলে তাঁদের খেদমত করি। অনেকের রোগমুক্তি হচ্ছে। তবে এর জন্য আমরা টাকা নিই না। রোগমুক্তির পর মানুষ নিজে থেকেই মাজারে চাল, ডাল, তেল, মুরগি ও টাকা দিয়ে যায়।’
রোগমুক্তির আশায় অপেক্ষারত সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কুমুরিয়া গ্রামের রিনা খাতুন জানান, তাঁর মাথায় ভীষণ যন্ত্রণা হতো। তিনি এক মাস আগে মাজার থেকে চাল নিয়ে খেয়েছিলেন। এতে প্রায় এক মাস তাঁর মাথাব্যথা কম ছিল। বর্তমানে আবার বেড়েছে। তাই আবার এসেছেন।
সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর গ্রামের কামাল হোসেন জানান, তাঁর গিটে গিটে ব্যথা হয়। তিনি এক সপ্তাহ আগে চাল নিয়ে খেয়েছেন। এখন ব্যথা একটু কম। তাই আবার তেল নিতে এসেছেন। একই গ্রামের ইসলাম শেখ বলেন, ‘শরীরের চর্মরোগ। এক সপ্তাহ আগে চাল নিয়ে খাইছিলাম। এতে চর্মরোগ আরও বাড়ছে। তাই আবার আইছি।’