রোগমুক্তির জন্য তালগাছের নিচে
কুমিল্লার তিতাস উপজেলার ঐচারচর গ্রামের এক কবরস্থানে থাকা একটি তালগাছ রোগ সারাতে পারে—এমন বিশ্বাসে হাজারো মানুষ সেখানে জড়ো হচ্ছে।
গত শনিবার গ্রামের ব্যাপারী বাড়ীর পারিবারিক কবরস্থানের পাশে কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ করা যায়। গ্রামের বাসিন্দা পারুল আক্তার বলেন, কবরস্থানের এই তালগাছ স্পর্শ করে তিনবার ঘুরলে যেকোনো রোগ ভালো হয়ে যায়—এ খবর এলাকায় প্রচার পাওয়ার পর মানুষ রোগমুক্তির আশায় গাছের কাছে ভিড় করছে। পারুল একবার সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। এর পর থেকে ঠিকমতো হাঁটতে পারতেন না। অথচ কবরস্থানে গিয়ে তাঁর পা ভালো হয়েছে বলে দাবি করেন তিনি।
বলরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রকিব মিয়া দাবি করেন, তাঁর চাচাতো ভাই বাবুল মিয়া অসুস্থতার কারণে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত ওই তালগাছের কাছে ঘোরার পর তিনি সম্পূর্ণ ভালো হয়ে যান। গ্রামের বশির মিয়া বলেন, ‘লোকজনের পারাপারের সুবিধার্থে নিজ খরচে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মফিজ উদ্দিন আহমেদ বলেন, এর কোনো ভিত্তি নেই। যাঁরা যাচ্ছেন তাঁরা মনের সান্ত্বনার জন্য যাচ্ছেন। তাঁদের রোগ ভালো হয়ে যাচ্ছে—এমন মনে করার কারণ নেই। ইউএনও সামিহা চৌধুরী বলেন, তিনি গত সোমবার সেখানে গিয়েছিলেন। কোনো প্রতারণা হচ্ছে কি না, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী মানুষকে সচেতন করা হবে বলে জানান তিনি।
তিতাস থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের বিশ্বাস হচ্ছে না। মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এসব বন্ধের চেষ্টা করছি।’