শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের মাগন ব্যাপারীর কান্দি গ্রামে ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এক বছর আগে তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতালটি উদ্বোধন করা হয়। এখনো হাসপাতালে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি।
একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসপাতালটির বহির্বিভাগ চালু রেখেছেন। সরকারি কোনো সহায়তা না দেওয়ায় স্থানীয় একটি পরিবার রোগীদের বিনা মূল্যে ওষুধ দিয়ে যাচ্ছে।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার চর এলাকার নয়টি ইউনিয়নের বাসিন্দাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ২০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। স্থানীয় সাংসদের অনুরোধে সাবেক সেনা কর্মকর্তা ইসমাইল হোসেন, তাঁর ভাই ইউনুছ ব্যাপারী ও তাঁদের এক আত্মীয় বাচ্চু দর্জ্জি হাসপাতাল নির্মাণ করার জন্য তিন একর জায়গা দান করেন। ওই জায়গার ওপর ২০১০ সালে ৪ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা হাসপাতাল ভবন, একটি নার্স কোয়ার্টার ও একটি গ্যারেজ নির্মাণ করা হয়। স্বাস্থ্য বিভাগ থেকে হাসপাতালের আসবাবপত্রও সরবরাহ করা হয়।
গত বছর ২৮ মে হাসপাতালটির বহির্বিভাগ চালু করা হয়। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাব্বত আলম প্রেষণে ওই হাসপাতালের দায়িত্ব পালন করছেন। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শেখ এহসানুল ইসলাম ও সাইফুল ইসলাম মাঝেমধ্যে ওই হাসপাতালে এসে রোগী দেখেন। মাগন ব্যাপারীর কান্দি গ্রামের মানিক সরকার ও লাল মিয়া ব্যাপারী স্বেচ্ছায় হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।
হাসপাতালে কোনো সরকারি ওষুধ সরবরাহ নেই। এলাকার গরিব রোগীদের কথা বিবেচনা করে সাবেক সেনা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রতি মাসে ওষুধ কেনার জন্য ১০ হাজার টাকা হাসপাতালে দিতেন। কিছু দিন আগে তিনি মারা যান। এখন তাঁর স্ত্রী ও দুই মেয়ে প্রতি মাসে ওষুধ কেনার জন্য ১৪ হাজার টাকা দেন।
১৮ জুলাই দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ভেতরের একটি কক্ষে বসে আছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাব্বত আলম। কয়েকজন রোগী বাইরে ভিড় করে আছেন। তিনি রোগীদের সমস্যার কথা শুনে তাঁদের ওষুধ দিচ্ছেন। চিকিৎসক এলে সংবাদ দেওয়া হবে—এ জন্য সব রোগীর মুঠোফোন নম্বর রাখছেন।
মোহাব্বত আলম বলেন, ‘এখানে চিকিৎসক না থাকায় আমাকেই হাসপাতালের বহির্বিভাগ সামলাতে হচ্ছে। সপ্তাহে দুই দিন চিকিৎসক আসেন। অন্যান্য দিন আমাকেই চিকিৎসাসেবা দিতে হয়।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মাদবর কান্দি গ্রামের রহিমা আক্তার ও শিকদার কান্দি গ্রামের জুলেখা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকা দিয়ে চিকিৎসা করাতে পারি না। তাই এ হাসপাতালে ছুটে আসি। কিন্তু ডাক্তার পাই না, প্রয়োজনীয় ওষুধও পাই না। আমাদের দাবি, হাসপাতালে ডাক্তার ও ওষুধ দেওয়া হোক।’
শরীয়তপুরের সিভিল সার্জন মশিউর রহমান বলেন, তারাবুনিয়া ২০ শয্যা হাসপাতালটি এখনো প্রশাসনিক অনুমোদন পায়নি। তাই সেখানে জনবল পদায়ন করা হয়নি। হাসপাতালের বহির্বিভাগ চালু করা হয়েছে। তাই চিকিৎসাসেবা প্রদান করার জন্য মাঝেমধ্যে চিকিৎসক পাঠানো হয়। একজন কর্মীকে প্রেষণে সেখানে রাখা হয়েছে। হাসপাতালটির প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।