
রোগী আছে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নেই। অপারেশন থিয়েটার (ওটি) আছে, অবেদনবিদ ও শল্যচিকিৎসক নেই। অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই।
চিকিৎসাসেবায় এই নেই আর নেই সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়। প্রায় ১ লাখ ৫৫ হাজার জনসংখ্যার এই হাওর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন অসংখ্য রোগী এলেও চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা পায় না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবলের অভাবেই মূলত রোগীরা চিকিৎসাসেবা পায় না। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ (টিএইচও) চিকিৎসকের নয়টি পদের পাঁচটিই শূন্য। এর মধ্যে জুনিয়র পরামর্শক (সার্জারি), জুনিয়র পরামর্শক (অবেদন), জুনিয়র পরামর্শক (গাইনি) ও জুনিয়র পরামর্শক (মেডিসিন) পদে কেউ নেই। ফলে এখানে কোনো অস্ত্রোপচার ও গাইনি সেবা দেওয়া যায় না। ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের ১০টি পদের মধ্যে কাগজপত্রে তিনজনকে দেখানো হলেও বাস্তবে আছেন দুজন। কারণ, একজন প্রেষণে সুনামগঞ্জ সদর হাসপাতালে আছেন। ওয়ার্ড বয়ের তিনটি পদের মধ্যে আছেন দুজন। স্টোরকিপার, পরিসংখ্যানবিদ, ক্যাশিয়ার, একটি এমএলএসএস ও আয়ার দুটি পদও শূন্য। নিরাপত্তা প্রহরী দুজন থাকার কথা থাকলেও আছেন একজন।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এই স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ভবনটি হয়েছিল ১৯৯৮ সালে। এরপর কোনো সংস্কার হয়নি। ফলে নানা সমস্যার মধ্যে স্যানিটেশন ব্যবস্থা বেশি খারাপ বলে জানালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সুনামগঞ্জের স্থানীয় ব্যক্তিরা বলছেন, হুবহু এমন না হলেও তাহিরপুর, শাল্লাসহ এই জেলার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কম-বেশি একই রকম। রোগীর সামান্য জটিলতা দেখা দিলেও প্রয়োজনীয় চিকিৎসক ও সুবিধার অভাবে সুনামগঞ্জ ও সিলেট শহরে রেফার করা হয়।
ওটি তালাবদ্ধ: গত রোববার সরেজমিনে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, দোতলায় থাকা অপারেশন থিয়েটারটি (ওটি) তালাবদ্ধ। স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মী বললেন, অবেদনবিদ ও শল্যচিকিৎসক না থাকায় ওটি রোগীদের কাজে আসছে না। উপজেলার কৃষ্ণনগর গ্রামের এক বাসিন্দা বললেন, সবচেয়ে সমস্যা হয় ডেলিভারি ও সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে। কোনো নারীর প্রসব বেদনা উঠলে ১৮ কিলোমিটার দূরে সুনামগঞ্জ শহরে দৌড়াতে হয়। এতে কখনো কখনো ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাঁর ভাইয়ের স্ত্রীকে সুনামগঞ্জ শহরে নেওয়ার পথে সন্তান প্রসব হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদও বললেন, ওটিতে কার্যত এখন অস্ত্রোপচার হয় না। অন্য কাজে ব্যবহৃত হয়। তিনি বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ১৪-১৫ জন রোগী ভর্তি থাকে। জরুরি সেবা নেয় আরও অনেক বেশি। কিন্তু সমস্যা একটু গুরুতর হলেই সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ (রেফার্ড) দেওয়া হয়।
রোববার বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক ও নার্সকে দেখা যায়নি। ওয়ার্ডে গিয়ে একজন নারীকে দেখা গেল, নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশুকে নেবুলাইজারে কিছু একটা দিচ্ছেন। তিনি বললেন, শিশুটি তাঁরই সন্তান। কেউ না থাকায় তিনিই এই কাজ করছেন।
ওষুধ কিনতে হয় বাইরে থেকে: ভর্তি থাকা কয়েকজন রোগী বললেন, প্রায় সব ওষুধই তাঁদের বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। টাইফয়েডে আক্রান্ত মোমিনা বেগম বলেন, তিনি চার দিন ধরে ভর্তি আছেন। সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। ১০টি ইনজেকশন কিনে আনতে বলা হয়েছে। কিন্তু দাম বেশি হওয়ায় মাত্র তিনটি কিনেছেন। পুরুষ ওয়ার্ডের রোগী বেলাল আহমেদও বাইরে থেকে ওষুধ কেনার কথা বললেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রোগীর তুলনায় ওষুধ সরবরাহ কম থাকায় রোগীদের কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হয়, তবে সব নয়।
ওয়ার্ডের বিছানাগুলো নোংরা। খাবারের মানও খারাপ বলে অভিযোগ করলেন রোগীরা।
অ্যাম্বুলেন্সের চালক নেই: স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স থাকলেও তা চালানোর জন্য সরকারি চালক নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বললেন, উপজেলা পরিষদের আশ্বাসে বেসরকারিভাবে একজন চালককে দিয়ে এটি চালানোর ব্যবস্থা করা হলেও চালক এখনো বেতন পাচ্ছেন না। ফলে সমস্যাটি থেকেই গেছে।
কাগজে ৫ উপস্বাস্থ্যকেন্দ্র, বাস্তবে ১: সরকারি কাগজপত্রে এই উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচটি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এগুলোতে সম্প্রতি ৩৪তম বিসিএসের মাধ্যমে চিকিৎসা কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে মাত্র পলাশ ইউনিয়নে একটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। বাকিগুলোতে অবকাঠামোই নেই। নিয়োগ পাওয়া অন্য চার চিকিৎসা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করলেও চারজনই আগামী ১ আগস্ট থেকে কোর্সে চলে যাচ্ছেন।