রোগী ও অটিস্টিক শিশুদের অর্থ সহায়তা
দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্যানসার, লিভার সিরোসিসে আক্রান্ত রোগী ও অটিস্টিক শিশুদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। সদর উপজেলা প্রশাসন নিজস্ব তহবিল থেকে এ সহায়তা দিয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, সমাজে হাজার হাজার দরিদ্র মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়ালেখা করতে পারে না। অনেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। তাদের মানসিক শক্তি জোগানো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. সেলিম, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অটিজম বিশেষজ্ঞ ইসরাত আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় প্রমুখ বক্তব্য দেন।
ইউএনও বলেন, ক্যানসার ও লিভার সিরোসিসে আক্রান্ত ৪৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র মেধাবী ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট চার লাখ টাকা দেওয়া হয়।