টানা অবরোধে কষ্টে পড়েছেন রোগীরা। দূরদূরান্তের জটিল ও গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসার জন্য যানবাহনের অভাবে রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে আসতে পারছেন না। যাঁরা আসছেন তাঁদের আসতে হচ্ছে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ভাড়া গুনে, ভেঙে ভেঙে।
এ কারণে বিশেষায়িত হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত রোগী কমে গেছে। এ ছাড়া চিকিৎসা শেষে ছাড়পত্র পাওয়া রোগীরা বাড়ি ফিরতে দুর্ভোগে পড়ছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে গিয়ে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বাইরে পুরোনো ও বড় হাসপাতালগুলোতেও একই চিত্র। এ জন্য আর্থিক ক্ষতিতে পড়েছে হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা ওষুধের দোকান, রেস্তোঁরা ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান।
গত শনিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে সরেজমিনে গিয়ে খোঁজ নেওয়া হয়। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, বহির্বিভাগে রোগীর সংখ্যায় তেমন হেরফের নেই। কারণ, এই রোগীদের বড় অংশই ঢাকার। তবে জটিল ও জরুরি রোগ নিয়ে ঢাকার বাইরে থেকে আগে যে সংখ্যক রোগী আসত, অবরোধে রোগী আসছে অনেক কম। তাঁদের ধারণা, অবরোধের কারণে রোগীরা আসতে পারছে না। বিকেলে বহির্বিভাগে বিশেষজ্ঞদের চেম্বারে স্বাভাবিক অবস্থায় গড়ে ৬০০ রোগী আসে। এখন আসছে সর্বোচ্চ ৪০০।
ওই হাসপাতালের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া রোগীরা হাসপাতালে আসছেন না।
রোববার সকালে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, রোগীদের ভিড় নেই। ১৫০ শয্যার অন্তর্বিভাগে ভর্তির জন্য রোগীর স্বজনদের সারি নেই। রেডিয়েশন থেরাপি দেওয়ার পর ফলোআপে আসা রোগীর সংখ্যাও ছিল হাতে গোনা। যাঁরা এসেছেন, পথে বিপদ-আপদের আশঙ্কা থাকলেও এসেছেন। কারণ, না এসে উপায় নেই। এঁদের একজন শরীফা বেগম। স্তন ক্যানসারের রোগী। বললেন, খুলনা থেকে রাতের বাসে ঢাকায় এসেছেন। পথে মধ্যরাতে বাসে ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা। ‘আল্লাহ, আল্লাহ’ করতে করতে এসেছেন।
ওই হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, গত ১৪ দিনে ২৫ থেকে ক্ষেত্রবিশেষে ৫০ শতাংশ পর্যন্ত রোগী কমেছে। তিনি বলেন, ক্যানসারের যেসব রোগীর অবস্থা খুবই খারাপ, তাঁদের সঙ্গে তিন-চারজনকে আসতে হয়। কারও কারও হুইলচেয়ার দরকার হয়। তাই অবরোধে এসব রোগীকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। আগে একজন রোগীকে ভর্তির জন্য, রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপির জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো। এখন ভর্তির চাপ নেই খুব একটা।
ওই হাসপাতালের পাশেই জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের চিত্রও অনেকটা একই রকম। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক বরকতউল্লাহ প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে এই হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন ৩৫০ জন রোগী আসেন। এখন রোগী অর্ধেকে নেমেছে। ভর্তি হওয়া অনেক রোগীকে চিকিৎসা শেষে ছুটি দিলেও তাঁরা বিপদের আশঙ্কা ও যানবাহনের অভাবে বাড়ি যাচ্ছেন না। এ কারণে নতুন রোগী ভর্তি নিতে কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের টিকিট কাউন্টারে শনিবার খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন ২৩০ জন রোগী এসেছেন। বৃহস্পতিবার রোগীর সংখ্যা ছিল ১০০-র কম। পুরো সপ্তাহের চিত্রই ছিল এমন।
শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ-উল-হক জানান, তাঁদের বহির্বিভাগে রোগীর সংখ্যা এক-তৃতীয়াংশে নেমে এসেছে। অস্ত্রোপচারের পর একটা বড় অংশ ফলোআপে আসে। তেমন রোগীর সংখ্যাও কম।
ঢাকা মেডিকেলের বেশ কটি বিভাগে খোঁজ নিয়েও একই রকম চিত্র পাওয়া গেল। অন্তর্বিভাগ ও বহির্বিভাগ—দুই ক্ষেত্রেই রোগী কমেছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ে বহির্বিভাগে প্রতিদিন গড়ে তাঁরা ২০০ রোগী দেখেন। এখন এটা অর্ধেকে নেমেছে। পাশাপাশি ভর্তি থাকা যেসব রোগীকে চিকিৎসা শেষে ছুটি দেওয়া হচ্ছে, তাঁরাও পরিস্থিতির কারণে বাড়ি যেতে পারছেন না।
বেড়েছে দুর্ভোগ-খরচ: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে অপেক্ষা করছিলেন ইসমাইল মিস্ত্রি। পাবনার ফরিদপুর থানার খলসেদাও গ্রামের বাসিন্দা। জন্ডিস ও পেটে ব্যথা নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসকেরা। আসার দুর্ভোগ জানাতে ইসমাইল বলেন, ফরিদপুর থেকে বাঘাবাড়ী পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশায়, পরে অন্য অটোরিকশায় উল্লাপাড়া, সেখান থেকে আরেকটি অটোরিকশায় সিরাজগঞ্জ এসে ঢাকার বাসে উঠেছেন। খরচ হয়েছে স্বাভাবিক সময়ের তিন গুণ।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে রেডিওথেরাপি নিতে আসা রানু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস জানান, সিংগাইর থেকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ঢাকায় এসেছেন। বাসে এলে ৫০ টাকা খরচ, অটোরিকশায় ভাড়া দিয়েছেন কয়েক গুণ বেশি।
নিরাপত্তার জন্য অনেকে অ্যাম্বুলেন্সে এসেছেন। চাহিদা বাড়ায় এখন অ্যাম্বুলেন্সের ভাড়াও বেশি। নেত্রকোনায় টেম্পোর চাপায় আহত হয়েছিলেন মো. নজরুল ইসলাম। ঢাকা মেডিকেলে তাঁর ছেলে মো. আল-আমীন প্রথম আলোকে বলেন, প্রথমে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসকের পরামর্শে ঢাকায় আসেন। আসতে অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হয়েছে ছয় হাজার টাকা। টাঙ্গাইল থেকে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছেন লালবানু। তাঁর মেয়ে জয়গুন বলেন, অন্য সময়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় আসতে ভাড়া লাগে আড়াই হাজার টাকা। এবার লাগল চার হাজার টাকা।
রোগী কমেছে চেম্বারেও: টানা অবরোধের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারেও রোগী কমে গেছে। দূরদূরান্তের রোগীরা যেমন আসতে পারছেন না, তেমনি বাসা থেকে দূরে হলে রাজধানীর রোগীরাও আতঙ্কে চেম্বারে চিকিৎসকের পরামর্শ নিতে আসছেন না। অথচ এঁদের অনেকে হয়তো অনেক চেষ্টায় সিরিয়াল পেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির কারণে তাঁরাও বিপাকে পড়েছেন।
গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বিশেষায়িত হাসপাতালের ৮০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন। বেসরকারি এই হাসপাতালের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. সোহরাব আলী বলেন, তাঁদের রোগীর সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত কমেছে।
ল্যাবএইড হাসপাতালেও অনেক চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার রয়েছে। ওই হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমান বলেন, তাঁদের রোগী ৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে।