আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্র
রোগী কল্যাণ সমিতির কার্যক্রম ও মুক্তিযোদ্ধা স্বাস্থ্য কার্ড চালু
আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে গরিব রোগীরা বিনা মূল্যে ওষুধ পাবেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রে গত ফেব্রুয়ারিতে চালু হয় মুক্তিযোদ্ধা স্বাস্থ্য কার্ড ও রোগী কল্যাণ সমিতির কার্যক্রম।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, গত ৪ এপ্রিল আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই দিন রোগী কল্যাণ সমিতির কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী। এ ছাড়া ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে মুক্তিযোদ্ধা স্বাস্থ্য কার্ড। ইতিমধ্যে উপজেলার আড়াই শ মুক্তিযোদ্ধাকে স্বাস্থ্য কার্ড বিতরণ করেছে কর্তৃপক্ষ। এই কার্ড দিয়ে মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে সেবা পাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কান্তি মল্লিক বলেন, স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান বেড়েছে। ইতিমধ্যে বর্হি বিভাগে সুপেয় পানিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
আনোয়ারা উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্রটি ২০০৬ সালের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হয়। এরপর হাসপাতালের জন্য আধুনিক সব যন্ত্রপাতি বরাদ্দ দেয় সরকার।