রোগী দেখেন ধাই ও বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসার নামে প্রতারণা
চিকিৎসার নামে প্রতারণা

ক্লিনিকে ধাই ও সেবিকার কাজ করতেন আসমা আক্তার৷ স্বামী আল-আমিন কাজী একটি ক্লিনিকে বয়ের কাজ করতেন৷ বছর খানেক আগে সেসব কাজ ছেড়ে এখন তাঁরা শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে একটি রোগনির্ণয় কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) খুলে বসেছেন৷ দুজনে রোগীও দেখছেন৷
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে আসমা অাক্তার ও আল-আমিন চাকধ বাজারে আল বারাকা ডায়াগনস্টিক সেন্টারটি চালু করেন৷ তবে প্রতিষ্ঠান পরিচালনার অনুমোদনের জন্য সিভিল সার্জন কার্যালয়ে কোনো আবেদন করা হয়নি৷ কোনো কর্মীও নিয়োগ দেওয়া হয়নি৷ ওই প্রতিষ্ঠানে রোগী আনার জন্য কমিশনের ভিত্তিতে কয়েকজন আয়া ও দালাল নিয়োগ দেওয়া হয়েছে৷
রোগীদের দেওয়া ব্যবস্থাপত্রে আসমা আক্তার নিজের পরিচয় লিখেছেন ডিএমএস (ঢাকা), গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ৷ আল-আমিন কাজী লিখেছেন ডিএমএ মেডিসিন, সিএমইউ (ডিইউ) ঢাকা, জেনারেল ফিজিশিয়ান ও আলট্রাসনোলজিস্ট৷ দুজনে ওই ডায়াগনস্টিক সেন্টার ছাড়াও নড়িয়া উপজেলার ইল্লার বাজার ও ভেদরগঞ্জ উপজেলার চরভাগা বাজারে চেম্বার বসিয়ে সপ্তাহে দুই দিন রোগী দেখেন৷ তাঁদের চেম্বারে বসার খবর মাইকে প্রচারও করা হয়৷
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীর আহমদ খান বলেন, ডিএমএস, ডিএমএ, ডিএমইউ—এগুলো কোনো চিকিৎকের ডিগ্রি নয়৷ এ ধরনের সনদধারীরা কোনোভাবেই চিকিৎসা কার্যক্রমে জড়াতে পারেন না৷ অার বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া কেউই চিকিৎসাসেবা দিতে পারবেন না৷
গত শনিবার সরেজমিনে দেখা যায়, একটি টিনশেড স্থাপনার মধ্যে ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করা হচ্ছে৷ ভেতরে কয়েকটি কক্ষে প্যাথলজির সরঞ্জাম, ইসিজি ও আলট্রাসনোগ্রাম যন্ত্র রয়েছে৷ আলাদা দুটি কক্ষে আসমা আক্তার ও আল-আমিন রোগী দেখছেন৷ নূরজাহান বেগম নামের স্থানীয় এক নারী সেখানে আয়ার কাজ করেন৷ তিনি সন্তানসম্ভবা এক নারীকে আলট্রাসনোগ্রাম করার জন্য নিয়ে এসেছেন৷
নূরজাহান বলেন, তাঁর মতো আরও পাঁচজন রোগী আনার কাজ করেন৷ একজন রোগী আনতে পারলে ১০০ টাকা কমিশন পাওয়া যায়৷
নড়িয়া উপজেলার চরমোহন গ্রামের শাজাহান বেপারী বলেন, ‘মাইকে প্রচার শুনে আল-আমিন কাজীকে দেখিয়েছি৷ এক মাস ধরে তাঁর চিকিৎসা নিচ্ছি৷ তাঁর ডায়াগনস্টিক সেন্টারে অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করিয়েছি৷ সুস্থ হচ্ছি না৷ এখন মানুষের মুখে শুনতে পাচ্ছি তিনি চিকিৎসক নন৷ আমি না বুঝে প্রতারণার শিকার হয়েছি৷’
ভেদরগঞ্জের চরভাগা গ্রামের ইমু আক্তার বলেন, ‘আমি চার মাস ধরে অন্তঃসত্ত্বা৷ আসমা আক্তারের ডায়াগনস্টিক সেন্টার থেকে অনেকগুলো পরীক্ষা করিয়েছি৷ যখন জানতে পেরেছি তিনি ভুয়া চিকিৎসক; তখন থেকে তাঁর দেওয়া ওষুধ সেবন বন্ধ করে দিয়েছি৷’
আসমা আক্তার বলেন, ‘আমি বিভিন্ন ক্লিনিকে সেবিকার কাজ করেছি৷ মাঝে মাঝে ধাইয়ের কাজও করি৷ গাইনি ও প্রসূতি রোগের ওপর পড়াশোনা করে ও প্রশিক্ষণ নিয়ে চিকিৎসাসেবা দিচ্ছি৷’ আল-আমিন কাজী বলেন, ‘আমাদের চিকিৎসাসেবা দেওয়ার মতো যোগ্যতা আছে৷ প্রতিটি ডিগ্রির বিপরীতে সনদ রয়েছে৷ তাই নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছি৷’ তবে সনদ দেখতে চাইলে স্বামী-স্ত্রী দুজনেই ক্ষুব্ধ হয়ে পড়েন৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়া তাঁরা কাগজপত্র দেখাতে রাজি নন৷
সিভিল সার্জন নিতীশ কান্তি দেবনাথ বলেন, ওই দুজন চিকিৎসক নন৷ তাঁরা মানুষের সঙ্গে প্রতারণা করছেন৷ ব্যবস্থাপত্রে তাঁরা নিজেদের যেসব ডিগ্রি বসিয়েছেন, তা ভুয়া৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে৷