রোগী ভাগিয়ে নেওয়ায় ছয় দালালের সাজা
নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে ভাগিয়ে নেওয়ার অপরাধে ছয়জনকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নগরের খানপুরে অবস্থিত এ হাসপাতালে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী আদালত পরিচালনা করেন।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন জানান, দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালে অভিযান চালায়। এ সময় তারা জরুরি বিভাগের সামনে থেকে ছয়জন দালালকে আটক করে। তাঁরা হলেন ফয়েজ আহমেদ (৪০), রুবেল (৩০), আবদুল জলিল (৫৫), সুফিয়া (৪০), আম্বিয়া (৪৫) ও শিল্পী (৩৮)।
ইউএনও আফরোজা আক্তার চৌধুরী জানান, আটক দালালেরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্য বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তাঁদের অপরাধ প্রথমবারের মতো প্রমাণিত হওয়ায় তিনজন নারী দালালকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়। অপর তিন পুরুষ দালালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
হাসপাতাল তত্ত্বাবধায়ক নিতীশ কান্তি দেবনাথ বলেন, এই দালাল চক্র নানা প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনগত সুবিধা নেই। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।