রোগী-সংকটে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল
নগরের অন্য সরকারি হাসপাতালগুলোতে যখন রোগীদের উপচে পড়া ভিড়, তখন রোগী-সংকটে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯২ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন রোগী থাকে মাত্র ১০ থেকে ১৫ জন। হাসপাতালটির মতো রেলওয়ে পূর্বাঞ্চলের অন্য তিনটি হাসপাতালও ভুগছে রোগী-সংকটে।
রেলওয়ে হাসপাতালের মেট্রন কৃষ্ণা বিশ্বাস বলেন, একসময় এখানে মেঝেতেও রোগী থাকত। শহরের বড় বড় লোক এখানে চিকিৎসা নিতেন। দুই দশক ধরে আস্তে আস্তে রোগী কমছে। সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার হাসপাতালটিতে রোগী ছিল মাত্র ১০ জন। তার মধ্যে স্ত্রীরোগ বিভাগে ছিলেন তিনজন, সার্জারি বিভাগে পাঁচজন ও মেডিসিন বিভাগে ছিল দুজন। মোজাহেরুল হক নামের একজন রোগী বলেন, ‘এখানে এসেছি ১৫ দিন। ডাক্তার প্রতিদিন এসে একবার দেখে যান। নার্সরাও থাকেন।’
রেলওয়ে হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ১০টি। এর মধ্যে আছেন মাত্র দুজন। তাঁদের মধ্যে একজনকে আবার পাশের ৫০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালও দেখাশোনা করতে হয়। ওই হাসপাতালে চিকিৎসকের দুটি পদ থাকলেও বর্তমানে সেখানে কেউ নেই।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক না থাকলেও পর্যাপ্ত সেবিকা আছেন রেলওয়ে হাসপাতালে। সেবিকার ১৭টি পদই পূর্ণ। প্রায় সময় এখানে সেবিকার চেয়ে রোগী থাকে কম।
রেলওয়ে হাসপাতালের অন্তর্বিভাগ এবং বক্ষব্যাধি হাসপাতালের দায়িত্বে থাকা সহকারী সার্জন পরিতোষ চক্রবর্তী বলেন, ‘আমাদের এখানে গড়ে ১৫-২০ জন রোগী থাকে। একসময় এখানে পর্যাপ্ত চিকিৎসক ছিলেন। এখন অন্তর্বিভাগ ও বহির্বিভাগ মিলে আমরা দুজন কাজ করি। পর্যাপ্ত চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এখানে রোগী কমছে বলে আমার ধারণা।’
রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তরের পাশের এই হাসপাতালটি নির্মিত হয় ব্রিটিশ আমলে। একতলা টিনশেড এই হাসপাতালে আছে একটি অস্ত্রোপচার কক্ষ। চলতি মাসে সেখানে কোনো অস্ত্রোপচার হয়নি। মাঝেমধ্যে বাইরে থেকে চিকিৎসক এনে অস্ত্রোপচার করানো হয় বলে চিকিৎসকেরা জানান। রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মো. কামরুজ্জামান বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার দায়িত্বেও আছেন। তিনি বলেন, শুধু এই হাসপাতাল নয়, রেলওয়ের অন্যান্য হাসপাতালেও রোগী কমে গেছে।
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ছাড়া রেলওয়ে নিয়ন্ত্রিত হাসপাতালগুলো হলো ১০ শয্যাবিশিষ্ট হালিশহর বন্দর ইয়ার্ড হাসপাতাল, ঢাকার ৭৫ শয্যাবিশিষ্ট রেলওয়ে হাসপাতাল ও ৫০ শয্যার বিশেষায়িত বক্ষব্যাধি হাসপাতাল। বক্ষব্যাধি হাসপাতালে গতকাল রোগী ছিল ১০ জন। অন্যদিকে বন্দর ইয়ার্ড হাসপাতালে বর্তমানে অন্তর্বিভাগ বন্ধ আছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, চিকিৎসক ও জনবলের অভাব, বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনের কোনো পদ না থাকাসহ নানা কারণে রোগীরা দিন দিন এসব হাসপাতালের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। এসব হাসপাতালে রেলওয়ের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাইরের লোকজন স্বল্প খরচে চিকিৎসা নিতে পারে।