জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেছেন, কোন রোগের চিকিৎসায় কত ব্যয় হবে, সে তথ্য পরিষ্কারভাবে রোগীকে দিতে হবে। আজকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর ব্যয় বাড়তে থাকে। শেষ পর্যন্ত যে বিল হয় তা চিকিৎসক ও রোগীর সম্পর্ককে বিদ্বেষপূর্ণ করে তোলে।
গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য কর্মসূচির ভবিষ্যৎ দিকনির্দেশনাবিষয়ক আলোচনা ও তারকা কর্মী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এম আর খান বলেন, অনেক সময় দেখা যায় চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ৩০ হাজার টাকার কথা বলা হয়। কিন্তু বাড়তে বাড়তে এ ব্যয় ৬০ হাজারে ঠেকে। তিনি বলেন, রোগীদের পরিষ্কার বলতে হবে যে আমরা এটি পারব, এটি পারব না। হাসপাতালভেদে ব্যয় ভিন্ন হতে পারে, কিন্তু তা রোগীদের কাছে পরিষ্কার হতে হবে।
চিকিৎসকদের উদ্দেশ করে এম আর খান আরও বলেন, রোগীদের কষ্ট-ব্যথাকে নিজের মনে করে চিকিৎসা করতে হবে। আপনার নিজের সন্তান ও স্বজনদের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা করেন, সাধারণ রোগীদেরও সেভাবে সেবা দিতে হবে। তিনি বলেন, চিকিৎসার কাজ শুধু দৈহিক না, মানসিক ও আত্মিকও। আজকাল অনেক চিকিৎসক রোগীদের সঙ্গে কথা বলেন না। ব্যবস্থাপত্র লিখে ছেড়ে দেন। রোগীদের কী সমস্যা, কী দরকার এগুলো তাঁদের বলা উচিত। তিনি সাজেদা ফাউন্ডেশনের কম খরচে সুচিকিৎসার উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে নবজাতক ও শিশুবিশেষজ্ঞ ডা. শেখ জুলফিকার আহমেদ বলেন, ‘আমাদের দেশে সেবা করার মতো মানুষ কম। আয়টাই সবার লক্ষ্য। আর চিকিৎসা ব্যয় হিসেবে যে বিল করা হয়, তা আমাদের আর্থসামাজিক পরিস্থিতির সঙ্গে যায় না।’
অনুষ্ঠানের শুরুতে সাজেদা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জাহেদা ফিজ্জা কবির। সাজেদা হাসপাতালের কার্যক্রম উপস্থাপন করেন হাসপাতালের উপদেষ্টা ডা. শমসের আলী খান। অনুষ্ঠানে সাজেদা হাসপাতালের কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ শাখার ১৯ জন কর্মীকে তারকা কর্মী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সাজেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ুন কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারপারসন এস এন কাইরি, সাবেক চেয়ারপারসন সাজেদা হুমায়ন কবির, অধ্যাপক ডা. আসিফ মুস্তবা মাহমুদ প্রমুখ।