রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ, ক্লিনিক মালিকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীকে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অপরাধে মেহেরপুর শহরের দারুস সালাম ক্লিনিকের মালিক ও ব্যবস্থাপককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার ওই রোগীর স্বজনের অভিযোগের ভিত্তিতে শহরের কলেজ মোড়ে অবস্থিত ক্লিনিকে গিয়ে এই জরিমানা করেন আদালত।
দারুস সালাম ক্লিনিকের মালিক আবদুস সালাম মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ছিলেন। ৩০ জুন থেকে তিনি অবসরকালীন ছুটিতে আছেন। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সানোয়ারা খাতুন (৬০) নামে এক নারী গত রোববার সকালে পেটের পীড়া নিয়ে ওই ক্লিনিকে ভর্তি হন। ওই রোগীর স্বজনদের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
নির্বাহী হাকিম আমিনুল ইসলাম বলেন, ক্লিনিকের মালিক ও ব্যবস্থাপকের স্বীকারোক্তি অনুযায়ী গুদাম তল্লাশি করে ৩৭টি মেয়াদোত্তীর্ণ ডিএনএস স্যালাইন উদ্ধার করা হয়। আবদুস সালামকে ২০ হাজার ও ব্যবস্থাপক মাহাবুবুল হাসানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।