চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদ্রোগ বিভাগে শয্যা রয়েছে ৫৬টি। গতকাল সোমবার বিভাগে রোগী ছিল ২২৫ জন। এই হাসপাতাল থেকে আড়াই কিলোমিটার দূরে নগরের আন্দরকিল্লার চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও হৃদ্রোগ বিভাগ রয়েছে। তবে সেখানকার চিত্র একদমই আলাদা। ১০ শয্যার হৃদ্রোগ বিভাগে গতকাল রোগী ভর্তি ছিল মাত্র একজন।
পর্যাপ্ত চিকিৎসক, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং অন্যান্য সুযোগ-সুবিধা না থাকার কারণে জেনারেল হাসপাতালের হৃদ্রোগ বিভাগ ফাঁকা থাকছে। অথচ ঢাকঢোল পিটিয়ে ২০১৪ সালের নভেম্বরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে দিয়ে এই হাসপাতালের হৃদ্রোগ বিভাগের উদ্বোধন করা হয়েছিল। ২৫০ শয্যার সরকারি এই হাসপাতালে হৃদ্রোগ বিভাগটি স্বয়ংসম্পূর্ণ করা গেলে চমেক হাসপাতালের ওপর চাপ কিছুটা হলেও কমত বলে মনে করেন চিকিৎসকেরা।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মুরশিদ আরা বেগম প্রথম আলোকে বলেন, হৃদ্রোগীদের যেকোনো মুহূর্তে সিসিইউ দরকার হতে পারে। এ সুবিধা এখানে নেই। সিসিইউর জন্য কিছু সরঞ্জাম এলেও তা এখনো স্থাপন করা যায়নি। তবে আউটডোরে (বহির্বিভাগে) প্রচুর রোগী আসে প্রতিদিন।
জেনারেল হাসপাতাল সূত্র জানায়, হৃদ্রোগ বিভাগের সিসিইউ চালু করার জন্য গত বছর আটটি রোগী পর্যবেক্ষণ (পেশেন্ট মনিটর) শয্যাসহ অন্য যন্ত্রপাতি কেনা হয়। ওই শয্যাগুলো হাসপাতালের গুদামে রয়েছে। হৃদ্রোগ বহির্বিভাগে প্রতিদিন গড়ে এক শর বেশি রোগী সেবা নিতে আসেন বলে জানান বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সলিল কুমার বড়ুয়া। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বহির্বিভাগে রোগী দেখেন।
২০১৪ সালে হাসপাতালের মূল ভবনের নিচতলায় ১০ শয্যার হৃদ্রোগ বিভাগটি চালু করা হয়েছিল। পরে সেটি স্থানান্তর করা হয় পাশের ভবনের দ্বিতীয় তলায়। রোগী ভর্তি কম হওয়ায় হৃদ্রোগ বিভাগের শয্যায় এখন অন্য রোগীদেরও রাখা হয়। গতকালও বহির্বিভাগের সামনে রোগীদের দীর্ঘ সারি দেখা গেছে।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগে রোগীর জন্য পা ফেলা দায়। বিভাগের ৫৬টি শয্যার মধ্যে ১৩টি সিসিইউ শয্যা। সিসিইউর জন্য আলাদা কক্ষ রয়েছে। ১৩ শয্যার বিপরীতে গতকাল সিসিইউতে রোগী ছিল ২৫ জন। এখানে মেঝেতেও রোগী রাখা হয়। একই অবস্থা সাধারণ শয্যার কক্ষগুলোতেও। প্রতিটি কক্ষের মেঝে, বারান্দা, চিকিৎসক এবং নার্সদের কক্ষের সামনের মেঝেতেও বিছানা পেতে দিয়ে রোগী রাখা হয়।
চমেক হাসপাতালের হৃদ্রোগ বিভাগের বিভাগীয় প্রধান এ কে এম মনজুর মোরশেদ প্রথম আলোকে বলেন, দুই শর বেশি রোগী সব সময় ভর্তি থাকে। এত রোগী দেখার জন্য পর্যাপ্ত চিকিৎসক বিভাগে নেই। রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়।
হৃদ্রোগ বিভাগে জ্যেষ্ঠ চিকিৎসক রয়েছেন ১০ জন। এর মধ্যে দুজন সহযোগী অধ্যাপক, ছয়জন সহকারী অধ্যাপক ও দুজন কনসালট্যান্ট। জুনিয়র চিকিৎসক রয়েছেন আটজন। জুনিয়র চিকিৎসকের ঘাটতি রয়েছে বলে জানান বিভাগীয় প্রধান মনজুর মোরশেদ।
চিকিৎসকের পাশাপাশি নার্সের সংকটও রয়েছে হৃদ্রোগ বিভাগে। প্রতি পালায় এখানে নার্স থাকে ৮ থেকে ১০ জন। রোগীর তুলনায় নার্সের সংখ্যা অনেক কম বলে জানান বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব ভট্টাচার্য। তিনি বলেন, সিসিইউর প্রতি চারজন রোগীর জন্য একজন নার্সের দরকার।
শুধু অন্তর্বিভাগ নয়, বহির্বিভাগেও প্রতিদিন গড়ে এক শর বেশি রোগী চিকিৎসা নেন। হৃদ্রোগ বিভাগের আবাসিক চিকিৎসক রিজোয়ান রেহান বলেন, জেনারেল হাসপাতালের হৃদ্রোগ বিভাগটি স্বয়ংসম্পূর্ণ করা দরকার। তাহলে এখানে রোগীর চাপ কিছুটা হলেও কমবে।