রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের পথ্য ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতি রোগীর জন্য ১২৫ টাকা বরাদ্দ থাকলেও সেই হারে পথ্য দেওয়া হচ্ছে না।
স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ৩ নভেম্বর দুপুর দুইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গেলে রোগীরা এ অভিযোগ করেন।
চিকিৎসাধীন রোগী মেনানগর গ্রামের আনছার আলী সাংসদকে বলেন, ‘এটে কোনা যে তকাই (তরকারি) দেয়, তাত মসলা থাকে না।’ হাজীপুর গ্রামের রোগী রাশেদুল ইসলাম বলেন, ‘খালি এক টুকরা ব্রয়লার মুরগির গোশত দেয়। আর যে ডাইল (ডাল) দেয়, তাক পানির মতন।’
স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘রোগীদের অভিযোগ শোনার পর তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা শাহজাহান বলেন, রোগীদের পথ্য কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আবদুল্লাহিল বাকী মুঠোফোনে বলেন, ‘তালিকা অনুযায়ী সঠিক পরিমাণ পথ্য দেওয়া হচ্ছে। না বুঝে অভিযোগ করলে তো হবে না।’