রোগীদের ভোগান্তি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে ইন্টার্ন চিৎিসকদের ধর্মঘট। তাই ভোগান্তিতে আছেন রোগীরা। পুরো একটি ওয়ার্ডে কোনো চিকিৎসক দেখা যায়নি গতকাল দুপুরে। ছবিটি মেডিসিন ওয়ার্ড থেকে তোলা l প্রথম আলো
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে ইন্টার্ন চিৎিসকদের ধর্মঘট। তাই ভোগান্তিতে আছেন রোগীরা। পুরো একটি ওয়ার্ডে কোনো চিকিৎসক দেখা যায়নি গতকাল দুপুরে। ছবিটি মেডিসিন ওয়ার্ড থেকে তোলা l প্রথম আলো

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের টানা ধর্মঘটে চিকিৎসাসেবা অনেকটা ভেঙে পড়েছে। তাঁরা দায়িত্ব পালন না করায় রোগীদের ভরসা এখন নার্সরা। চিকিৎসা কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। গতকাল রোববার ছিল ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের তৃতীয় দিন।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতাদের সঙ্গে হাসপাতালের পরিচালকের এক বৈঠক হয়। সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারাও উপস্থিত ছিলেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত হাসপাতালের পরিচালকের কক্ষে চলে এ বৈঠক।
ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের নিরাপত্তার নিশ্চয়তার দাবিতে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে এ ধর্মঘট পালন করছেন।
গত বৃহস্পতিবার রাতে মেডিকেল কলেজের শহীদ মিনারের পাশে ইন্টার্ন চিকিৎসক সুমন আলীকে দেশীয় অস্ত্রের মুখে তাঁর মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে লাঞ্ছিতও করা হয়। সম্প্রতি ওই এলাকায় আরও সাতজন ইন্টার্ন চিকিৎসক ছিনতাইয়ের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকেরা।
আন্দোলনরত চিকিৎসকেরা গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা হাসপাতাল ভবনের সামনে পালন করেন প্রতীকী অনশন কর্মসূচি। এ সময় দুই ইন্টার্ন চিকিৎসকের হাতে স্যালাইন বেঁধে ঘটনার প্রতিবাদ জানানো হয়। সেখানে সমাবেশও অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদার রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সরকার, সদস্য সানায়েত বিন মুস্তফা, রওজাতুল রুম্মান, নিশাত তাসমিন, মোস্তাফিজ রহমান প্রমুখ। তাঁরা বলেন, ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। তাঁরা এখন নার্সদের ওপরই ভরসা করছেন। বিপুলসংখ্যক রোগী সামলাতে গিয়ে নার্সরা হিমশিম খাচ্ছেন।
হাসপাতালের মেডিসিন বিভাগের ১, ২, ৩, ২৯ ও ৩০—এই পাঁচটি ওয়ার্ডে ২০০ শয্যার বিপরীতে চার শতাধিক রোগী রয়েছেন বলে ওয়ার্ড সূত্রগুলো জানিয়েছে। গতকাল বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টা সরেজমিনে পরিদর্শনকালে ১, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মাত্র একজন চিকিৎসক সেবা দিচ্ছিলেন। তিনি বেশি সংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন।
ওই চিকিৎসক সহকারী রেজিস্ট্রার আবদুল কাদের বলেন, ‘আমার সাধ্যমতো আমি চিকিৎসাসেবা দিয়ে চলেছি। এখানে নার্সদেরও ভূমিকা যথেষ্ট রয়েছে।’
বেড না পেয়ে ৩ নম্বর ওয়ার্ডের মেঝেতে আছেন গাইবান্ধার রোগী খোদেজা বেগম। তাঁর এক স্বজন মশিউর রহমান বলেন, ‘এত দূর থেকে এখানে এসে দেখছি, কোনো চিকিৎসক নেই। কী করব ভাবতে পারছি না!’
ওই ওয়ার্ডে দায়িত্ব পালন করছিলেন দুজন নার্স। তাঁদের একজন রুমানা বেগম বলেন, ‘এমন পরিস্থিতিতে রোগীর সেবা দিতে আমরাও কাহিল হয়ে পড়ছি।’
জানতে চাইলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদার রহমান রিফাত বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য ক্যাম্পাসে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।’
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আশা করছি, তাঁরা (ইন্টার্ন চিকিৎসক) শিগগিরই ধর্মঘট প্রত্যাহার করবেন।’