চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ না করায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। প্রতি অর্থবছরে এখানে ছয় লাখ টাকার ওষুধ বরাদ্দ করা হয়। কিন্তু প্রতি মাসেই রোগীদের জন্য ছয় লাখ টাকার ওষুধ প্রয়োজন। এখানে প্রতি অর্থবছরে রোগীপ্রতি প্রায় পাঁচ টাকার কম বরাদ্দ করা হয়। অথচ এই টাকায় এক কাপ চা-ও পাওয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৫-১৬ অর্থবছরে ৫ লাখ ৬২ হাজার টাকার ওষুধ বরাদ্দ দেওয়া হয়। ওই অর্থবছরে এখানে ১ লাখ ১৪ হাজার ৩৩৮ জন রোগী চিকিৎসা নেন (অন্তর্বিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে)। সে হিসাবে প্রত্যেক রোগী গড়ে ৪ টাকা ৯২ পয়সার ওষুধ পান।
স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক ও দুজন নার্স জানান, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৩০০ রোগীকে বহির্বিভাগে সেবা দেওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি থাকেন গড়ে ৩০ জন। ভর্তি ও বহির্বিভাগের রোগীর তুলনায় সরকারি ওষুধ বরাদ্দ অপ্রতুল। এ জন্য তাঁরা প্রতিদিন চরম বেকায়দায় পড়ছেন। অনেক সময় প্যারাসিটামল, অ্যান্টাসিড ও হিস্টাসিন-জাতীয় ওষুধ দিয়েই রোগীদের সামলাতে হয়। সঠিক সেবা দিতে হলে মাসে কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকার ওষুধ প্রয়োজন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই হাসপাতালের বহির্বিভাগে গত অর্থবছরে ১ লাখ ৮ হাজার ৬৬২ রোগীকে চিকিৎসা দেওয়া হয়। অন্তর্বিভাগে চিকিৎসা নেন ৫ হাজার ৬৭৬ জন। তাঁদের অধিকাংশই গরিব রোগী। প্রতি অর্থবছরে বরাদ্দ পাওয়া ওষুধ দিয়ে এই রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।
গত বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন উপজেলার কেরোয়া গ্রামের বাহার মিয়া ও দেবীপুর গ্রামের নুর আলম। তাঁরা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেট ব্যথার জন্য প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের বড়ি দেওয়া হয়। কিডনি রোগী বা হৃদ্রোগীকেও দেওয়া হয় ওই একই ওষুধ। এ নিয়ে প্রতিদিন রোগী ও চিকিৎসকদের মধ্যে বাদানুবাদ হয়। অনেক সময় চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলেন। কিন্তু অনেক গরিব রোগীর পক্ষে বাইরে থেকে বেশি দাম দিয়ে ওষুধ কেনা সম্ভব হয় না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বাহারুল আলম বলেন, ‘সামান্য বরাদ্দ দিয়েই এক বছর চালাতে হয়। এ ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তবে গরিব রোগীকে আশানুরূপ ওষুধ দিতে না পারলে কষ্ট লাগে। প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ চেয়েও পাওয়া যায় না।’
জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন গোলাম ফারাক ভূঁইয়া বলেন, চাহিদার তুলনায় ওষুধ বরাদ্দ অনেক কম। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একই বরাদ্দ। বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক চিঠি লেখা হয়েছে।