রোগীর ওপর 'বিদ্যুতের' ঘা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে পাখা চলছে না। ছবিটি থেকে গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো
বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে পাখা চলছে না। ছবিটি থেকে গতকাল দুপুর ১২টায় তোলা l প্রথম আলো

ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে হাসপাতালের বেশির ভাগ সেবা বন্ধ রয়েছে। শুধু জেনারেটরের সাহায্যে অতি জরুরি কিছু অস্ত্রোপচার চলছে।
বিদ্যুৎ না থাকায় বেশির ভাগ ওয়ার্ডে পাখা চলছে না। এতে হাসপাতালে থাকা রোগীর দেখভালকারী স্বজনেরাও অসুস্থ হয়ে পড়ছেন। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত হাসপাতালের ৩৯টি ওয়ার্ডের মধ্যে ফিজিক্যাল মেডিসিন, চর্ম ও যৌন এবং মনোরোগ বিভাগে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে পানির সংকট দেখা দিয়েছে। বন্ধ রয়েছে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবা। হাসপাতালের আটটি লিফটের মধ্যে চালু রয়েছে মাত্র একটি।
সরেজমিনে হাসপাতালে গেলে ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী আবুল কাশেম গতকাল দুপুরে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সুস্থ হতে এসে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। এখন অন্য কোথাও চলে যাওয়ার চিন্তা করছি।’
চমেক সূত্র জানায়, বৃহস্পতিবার এই হাসপাতালে রোগী ভর্তি ছিল ২ হাজার ২৩৮ জন। গতকাল দুপুর পর্যন্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২০০।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল গনি গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এটি ভয়াবহ সমস্যা। সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এ কারণে সব অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। ওয়ার্ডগুলোতে পাখা ও শীতাতপযন্ত্র বন্ধ রাখা হয়েছে। নবজাতক ওয়ার্ড, হৃদ্রোগ বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোনো রকমে কাজ চলছে।
চিকিৎসকেরা জানান, প্রতিদিন গড়ে হাসপাতালে যেখানে ৯০টি অস্ত্রোপচার হয়, সেখানে বৃহস্পতিবার হয়েছে ৫০টি। গতকালও সীমিত আকারে অতি জরুরি কিছু অস্ত্রোপচার হয়েছে।
হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট আবদুল মোতালেব গতকাল বিকেলে জানান, প্রতিদিন গড়ে তাঁরা ২৫০ থেকে ৩০০ রোগীর এক্স-রে করেন। কিন্তু বিদ্যুতের সমস্যায় সেবা দেওয়া বন্ধ রয়েছে।
চমেক সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে হাসপাতালের ১৫০০ কেভিএ ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। চারটার দিকে এটি ঠিক করা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রান্সফরমারটি পুরোপুরি নষ্ট হয়ে গেলে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জেনারেটরের মাধ্যমে সীমিত আকারে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা হলেও তা দিয়ে ১ হাজার ৩১৩ শয্যার পুরো হাসপাতাল সচল রাখা অসম্ভব হয়ে পড়ে। পরে রাত দুইটার দিকে ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ছোট ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ওই বিদ্যুৎ দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কেবল দু-একটি বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়। পাখা বন্ধ রাখা হয়।
বিদ্যুৎ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে, তা জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল গনি বলেন, এ সমস্যার সমাধান সময়সাপেক্ষ ব্যাপার। রাতারাতি ট্রান্সফরমার পাল্টানো সম্ভব নয়। কিছু ছোট ট্রান্সফরমার দিয়ে সীমিতভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য জরুরি ভিত্তিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার দরকার। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গতকাল দুপুরে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দুটি বাতি জ্বললেও পাখা বন্ধ রয়েছে। শিশুদের হাতপাখা দিয়ে বাতাস করছেন অভিভাবকেরা। গীতা বিশ্বাস নামের এক অভিভাবক জানান, তাঁর সারা রাত কেটেছে বাচ্চাকে বাতাস করতে করতে। তিনি বলেন, ‘এই গরমে ফ্যানের মধ্যেও টেকা দায়। এখন ফ্যান ছাড়া কীভাবে থাকি।’
১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে ভর্তি হন পুলিশ সদস্য মিনহাজ উদ্দিন। রাতভর পাখা না চলায় ছটফট করেছেন তিনি। দুপুরে দেখা যায়, এক সহকর্মী তাঁকে বাতাস করছেন।
গরমে পাখা বন্ধ থাকায় কিছু রোগীকে স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে যেতে দেখা যায়। ডেইজি আক্তার নামের প্রসূতি বিভাগের এক রোগী বলেন, ‘রাতে ফ্যান না থাকায় অনেক কষ্ট পেয়েছি। এখন চলে যাচ্ছি। এ ছাড়া বাথরুমে পানিও নেই।’
চমেক হাসপাতালের অবকাঠামোগত বিষয়গুলো দেখাশোনার দায়িত্ব গণপূর্ত দপ্তরের। গণপূর্ত দপ্তরের উপসহকারী প্রকৌশলী তৌহিদুল আকবর বলেন, ‘১৫০০ কেভিএ ট্রান্সফরমারটি মনে হচ্ছে না আর ঠিক হবে। নতুন ট্রান্সফরমার বসাতে অন্তত ১৫ দিন লাগবে।’ তিনি জানান, আপাতত ৪০০ কেভিএ ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ-ব্যবস্থা চালু রাখা হয়েছে। ছোট আরও দুটি ট্রান্সফরমার লাগানোর পর হাসপাতালের চাহিদার ৬০ শতাংশ বিদ্যুৎ দেওয়া যাবে।
জানতে চাইলে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী অশোক চৌধুরী বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ নেয়, তা গণপূর্ত বিভাগের। ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার পর সমস্যা সমাধানে সহযোগিতা করা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য সময় প্রয়োজন।