রোগীর চাপ, অ্যাম্বুলেন্স ও দালালদের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার সকাল পৌনে ১০টা। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকে ঢুকতেই দেখি বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। তবে এগুলো হাসপাতালের নয়, বেসরকারি। অনেকে এসব অ্যাম্বুলেন্সকে বলেন ‘রোগী ধরার যান’।
ওই অ্যাম্বুলেন্সগুলোর পাশেই ২৫-৩০ জন যুবকের জটলা। তাঁরা নিজেদের মধ্যে কথা বলছেন। হাসপাতালের এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞেস করলাম, এঁরা কারা? তিনি বললেন, এঁরা বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তাঁরা চিকিৎসকদের কাছে আসেন ব্যবস্থাপত্রে নিজ নিজ কোম্পানির ওষুধ লিখিয়ে নিতে। কিন্তু এখানে কেন? চিকিৎসকদের তো নিজস্ব চেম্বার আছে। সেখানে তাঁরা যেতে পারেন। এ প্রশ্নের উত্তর পাওয়া গেল না।
হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখি রোগীদের দীর্ঘ সারি। সবাইকে ১০ টাকা দিয়ে টিকিট নিতে হয়। এরপর তাঁরা চিকিৎসকদের কাছে যাবেন ব্যবস্থাপত্র নিতে। সারিতে থাকা মধ্য বয়সী একজনকে জিজ্ঞেস করি তাঁর কী সমস্যা? বললেন, কফের সঙ্গে রক্ত পড়ে। আগেও একবার চিকিৎসা করিয়েছেন। কয়েক মাস ভালো ছিলেন। আবার সমস্যা দেখা দেওয়ায় এসেছেন। তাঁর বাড়ি হবিগঞ্জে। সিলেট অঞ্চলের চার জেলার রোগীদেরই প্রধান ভরসা এই হাসপাতাল।
কথা হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস ছবুর মিঞার সঙ্গে। তিনি দুই বছর ধরে এই হাসপাতালের পরিচালক। জিজ্ঞেস করি, হাসপাতালের প্রধান সমস্যা কী? তিনি বললেন, লোকবল ও শয্যার তুলনায় রোগী অনেক বেশি। প্রতিদিন গড়ে দুই হাজার রোগী ভর্তি হয়। এর বাইরে বহির্বিভাগে আরও আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নেয়। কিন্তু হাসপাতালে সরকার নির্ধারিত শয্যা ৫০০। সেটি বাড়িয়ে তাঁরা ৯০০-তে উন্নীত করেছেন। বাকি রোগীদের থাকতে হয় মেঝেতে, বারান্দায়।
বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শয্যার বাইরে মেঝেতে অনেক রোগী। অনেকে শয্যা নিয়েছেন বারান্দায়ও। প্রত্যেক রোগীর সঙ্গে আছেন দুই থেকে তিনজন দর্শনার্থী। তাঁদের খাওয়াদাওয়া, বিশ্রামও এখানে। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা। রোগীদের শৌচাগারগুলোর অবস্থা শোচনীয়। উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে। রোগীদের সংক্রমণেরও আশঙ্কা আছে। এ ছাড়া ওয়ার্ডে বিড়াল, আরশোলা, মশা, মাছির উৎপাত তো আছেই। প্রয়োজনীয়সংখ্যক নার্স না থাকায় রোগীদের ঠিকমতো সেবাযত্নও হয় না।
হাসপাতাল সূত্র বলেছে, ১ হাজার ২৬৯টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত রয়েছেন ৮৭৮ জন। এ ছাড়া ৪৯৩ জন নার্সের স্থলে কর্মরত রয়েছেন ২৯০ জন। ফলে কম চিকিৎসক ও নার্স-কর্মচারী নিয়েই কয়েক গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়।
তবে পরিচালক বললেন, হাসপাতাল সম্প্রসারণে ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা আশা করছেন, আগামী অর্থবছরে এ বরাদ্দ পাওয়া যাবে। কিন্তু সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কি এই সমস্যা থেকেই যাবে? এ প্রশ্নের উত্তর হাসপাতাল কর্তৃপক্ষের জানা নেই।
সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ আছে। বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ও থাকে। থাকে বেসরকারি অ্যাম্বুলেন্সের সারি।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে পরিচালক বলেন, ‘এসব অনিয়ম ও উপদ্রব বন্ধ করতে আমি যথাসাধ্য চেষ্টা করছি। এখন অনেকটা কমে এসেছে।’ কিন্তু তাঁকে যখন প্রধান ফটকে আমাদের অভিজ্ঞতার কথা জানাই, তিনি নিজেই তাঁর দপ্তর থেকে বেরিয়ে সেখানে গেলেন। তখনো বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা সেখানে অবস্থান করছিলেন। তিনি তাঁদের বের করে দেন। কয়েকটি অ্যাম্বুলেন্সও দ্রুত সটকে পড়ে।
এই সমস্যা কেবল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নয়, সম্ভবত সব সরকারি চিকিৎসালয়েরই।
আমরা যখন হাসপাতালে ঢুকি তখন প্রধান ফটকের ভেতর আল-সাকিব, শাহজালাল, আদর্শ, দিবারাত্রি, সাদিয়া, আমিনা, রুহান, রিহাসহ অ্যাম্বুলেন্স সার্ভিসের অন্তত অর্ধশত গাড়ি দাঁড়িয়ে ছিল। এখানে আসার কারণ জানতে চাইলে এক অ্যাম্বুলেন্সচালক বলেন, ‘রোগী আনা-নেওয়ার জন্য এখানে আসি। রোগী আনা-নেওয়া কি দোষের?’ শুনে সেখানে উপস্থিত একজন বললেন, রোগী আনা-নেওয়া দোষের নয়। দোষের হলো রোগী ভাগিয়ে নেওয়া। কিছু ক্লিনিক রয়েছে, তাদের প্রধান উদ্দেশ্যই থাকে ওসমানী হাসপাতালের রোগীদের ভাগিয়ে নেওয়া এবং সে জন্যই অ্যাম্বুলেন্স ও দালালদের পাঠানো হয়; যাঁদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মচারীর যোগসাজশ রয়েছে।
ওষুধ কোম্পানির কয়েকজন বিক্রয় প্রতিনিধি বলেন, কোম্পানির ওষুধের প্রচারই তাঁদের চাকরি। অন্যখানে প্রচার করা গেলে এখানে করা যাবে না কেন?