রোগীর পেট কাটার পর চিকিৎসক বললেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের ক্ষমতার দৌড় না বুঝেই ক্লিনিকে ভর্তি হওয়া গুরুতর অসুস্থ এক গৃহবধূর টিউমার অপসারণে তাঁর পেটে ছুরি চালিয়ে বসেন তথাকথিত চিকিৎসক৷ পরে পরিস্থিতি জটিল দেখে রোগীর আত্মীয়স্বজনদের কাছে এ অস্ত্রোপচারে নিজের অপারগতা প্রকাশ করে সটকে পড়েন তিনি৷ তার আগে অবশ্য ঢাকায় নেওয়ার জন্য রোগীর চিরে ফেলা পেট তিনি স্কচটেপ দিয়ে আটকে ব্যান্ডেজ করে দেন৷
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজারে অবস্থিত রুবেল সাির্জক্যাল ক্লিনিকে গতকাল রোববার এ ঘটনা ঘটে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছিল৷
শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের মো. ইসরাফিলের স্ত্রী আবেদা বেগম (৪০) গতকাল সকালেই ক্লিনিকটিতে ভর্তি হন। চিকিৎসক আসলামুজ্জামান আলট্রাসনোগ্রামে রোগীর পেটে বড় একটি টিউমার দেখতে পান৷ তিনি অবিলম্বে সেটি অপসারণের পরামর্শ দেন৷
রোগীর কয়েকজন আত্মীয় সূত্রে জানা যায়, চিকিৎসক আসলামুজ্জামানের সঙ্গে টিউমারটি অপসারণে সাত হাজার টাকায় চুক্তি হয়৷ এরপর গতকাল সকাল সাতটার দিকে চিকিৎসক রোগীকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে সংজ্ঞাহীন করে পেট কাটেন৷ পরে তিনি তাঁদের ডেকে বলেন, তাঁর পক্ষে এ জটিল অস্ত্রোপচার করা সম্ভব নয়৷ একপর্যায়ে তিনি পেটের কাটা অংশ স্কচটেপে আটকে ব্যান্ডেজ করে দিয়ে ক্লিনিক ছেড়ে পালান৷
আবেদা বেগমের ছেলে শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘চিকিৎসক পালিয়ে যাওয়ার পর আমরা রোগী নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে যাই। পরে দুপুর ১২টার দিকে অ্যাম্বুলেন্সে করে আমার মাকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করি৷’ গতকাল সন্ধ্যায় আবেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছিল বলে রোগীর আত্মীয়দের সূত্রে জানা যায়৷
রুবেল সার্জিক্যাল ক্লিনিকের মালিক ফরিদুল ইসলামের স্ত্রী আছিয়া পারভীন বলেন, ডা. আসলামুজ্জামান রাশিয়া থেকে এমবিবিএস পাস করেছেন বলেই আশপাশের সবাই জানেন৷ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘নিরাময় ডায়াগনস্টিক সেন্টার’ নামে তাঁর একটি ক্লিনিকও আছে৷ প্রয়োজনে নির্দিষ্ট ফির বিনিময়ে তিনি এখানে এসেও অস্ত্রোপচার করেন।
এদিকে আসলামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে। পরে রুবেল ক্লিনিকের মালিক ফরিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন আছিয়া পারভীন। তিনি বলেন, তাঁর প্যারামেডিকেলে এক বছরের কোর্স করা আছে। তিনি নিজে ক্লিনিকে সেবিকাদের সঙ্গে কাজ করেন৷
আছিয়া পারভীন আরও জানান, আবেদা বেগমের পেট কাটার পর দেখা যায় টিউমারটি বড় হয়ে খাদ্যনালি ও গলব্লাডারের সঙ্গে পেঁচিয়ে আছে। তাই চিকিৎসক অস্ত্রোপচার না করে রোগীকে ঢাকায় নিতে বলেন। তবে চিকিৎসক পালিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আছিয়া পারভীন। আবেদার ভাতিজা আল আমিন বলেন, ‘আমরা ওই চিকিৎসকের নামে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’