রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে একজন গ্রেপ্তার
রংপুরে ভুল চিকিৎসায় বকুল হোসেন (২৮) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগে মেডিনোভা ক্লিনিকের ব্যবস্থাপক অতুল চন্দ্র রায়কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহত বকুল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুলাল হোসেনের ছেলে। ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর শহরের ধাপ এলাকায় অবস্থিত সোনার বাংলা ক্লিনিকে ভর্তি হন বকুল। সেখানে দুই দিন চিকিৎসার পর ৪ জানুয়ারি বকুলকে একই এলাকার মেডিনোভা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ৭ জানুয়ারি তাঁর দুই পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৯ জানুয়ারি পর্যন্ত তাঁর জ্ঞান না ফিরলে তড়িঘড়ি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে ক্লিনিক কর্তৃপক্ষ। সেখানেও জ্ঞান না ফিরলে গত শনিবার দুপুরের দিকে তিনি মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ভুল চিকিৎসায় বকুলের মৃত্যুর অভিযোগ এনে তাঁর স্ত্রী সুমনা আক্তার বাদী হয়ে শনিবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর ঘটনাস্থল থেকে ওই ক্লিনিকের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বকুলের মৃত্যুর পর থেকে মেডিনোভা ক্লিনিকের সব কর্মকর্তা-কর্মচারী অন্যত্র গা ঢাকা দিয়েছেন। গতকাল ক্লিনিকে গিয়ে কাউকে পাওয়া যায়নি।