রোজ ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ থেকে ট্যানারি না সরানো পর্যন্ত ১৫৪টি ট্যানারি শিল্পকারখানার মালিকদের প্রত্যেককে পরিবেশদূষণের ক্ষতিপূরণ বাবদ প্রতিদিন রাষ্ট্রীয় কোষাগারে ৫০ হাজার টাকা করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।
ক্ষতিপূরণের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না, তা তদারক করে আগামী ১৭ জুলাই এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দেওয়ার জন্য শিল্পসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্যানারির বর্জ্য ফেলে প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে কী পরিমাণ পরিবেশের ক্ষতি করা হচ্ছে, তাও নিরূপণ করে ১৭ জুলাই প্রতিবেদন দেওয়ার জন্য পরিবেশসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। শিল্পসচিবের পক্ষে ছিলেন আইনজীবী মো. রইস উদ্দিন।
পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘১৫৪টি ট্যানারি কারখানার মালিকদের ৫০ হাজার টাকা সরকারের কোষাগারে জমা দিতে বলেছেন হাইকোর্ট। ঠিকমতো টাকা দেওয়া হচ্ছে কি না, তা তদারক করে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে শিল্পসচিবকে। হাজারীবাগের বর্জ্যে বুড়িগঙ্গায় দূষণের মাত্রা টাকায় কী পরিমাণ ক্ষতি হয়, সে সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছে পরিবেশসচিবকে।’
গত ১৩ এপ্রিল মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ট্যানারির তালিকা দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। গতকাল শিল্পসচিবের পক্ষে হাজারীবাগে থাকা ১৫৫টি ট্যানারি কারখানার তালিকা-সংবলিত প্রতিবেদন দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স ট্যানারি লিমিটেড নামের কারখানা সাভারে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিগুলো নেওয়া হয়নি। সরিয়ে নেওয়া প্রক্রিয়াধীন পর্যায়ে রয়েছে।
হাজারীবাগ থেকে ট্যানারি-শিল্প সরিয়ে নিতে ২০০১ সালে হাইকোর্ট রায় দেন। এরপর কয়েক দফা এই সময়সীমা বাড়ানো হয়। এরপরও হাজারীবাগ থেকে ট্যানারি না সরায় আদালত অবমাননার অভিযোগ আনে এইচআরপিবি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে হাইকোর্ট আদালত অবমাননার রুল দিয়ে শিল্পসচিবের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান। শিল্পসচিব ব্যাখ্যায় বলেন, ১০টি প্রতিষ্ঠান বারবার তাগিদ সত্ত্বেও তাদের কারখানা সরাতে পদক্ষেপ নেয়নি।
এরপর ওই ১০ কারখানার মালিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে তাঁদের তলব করা হয়। তাঁদের মধ্যে তিনজন ট্যানারি মালিক ১১ এপ্রিল হাজারীবাগে কারখানা বন্ধ এবং সাভারে সরানোর পদক্ষেপ জানিয়ে হলফনামা দিলে আদালত তাঁদের অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন। তিনজন মালিক আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। বাকি চারজন মালিকের মধ্যে তিনজন মারা গেছেন। একজন বিদেশে থাকায় তাঁকে ৩ মে আদালতে হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট।