রোজার আগেই পণ্যের দাম চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস সামনে রেখে এক দিনের ব্যবধানে রাজধানীর কাঁচা-বাজারগুলোতে কাঁচা মরিচ, বেগুন, টমেটোর দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে৷ গত বৃহস্পতিবার প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া এই তিন পণ্যের দাম গতকাল শুক্রবার বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা।
রোজায় ইফতারসামগ্রী তৈরির জন্য এই তিন পণ্যের চাহিদা বাড়ে৷ এর আগেই বেড়েছে ছোলা, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের দাম৷ সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা রমজান মাসে পণ্যমূল্য বৃদ্ধি না করার আশ্বাস দিয়েছিলেন৷ কিন্তু এই আশ্বাসের কোনো প্রতিফলন বাজারে নেই৷
অবশ্য হঠাৎ এই দামবৃদ্ধির জন্য বিক্রেতারা অজুহাত দিচ্ছেন বৃষ্টির এবং সরবরাহ ও চাহিদার মধ্যে ঘাটতির৷
গতকাল মিরপুরের কাজীপাড়া, কাঁঠালবাগান, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে পণ্যের দাম বৃদ্ধির মোটামুটি একই চিত্র পাওয়া গেছে। প্রতি কেজি টমেটো ৬০ টাকা, লম্বা বেগুন ৮০ ও গোল বেগুন ৭০, কাঁচা মরিচ ৮০ ও শসা ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে৷ বেড়েছে আলুর দামও৷ ইফতারিতে ব্যবহৃত এসব পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে অন্যান্য সবজিতেও৷ বেড়েছে সব ধরনের লেবুর দামও৷
বাজারে সরবরাহ ঠিক রাখতে সরকার গত বুধবার বেগুন, শসা, লেবু, কাঁচা মরিচ ও ধনেপাতার রপ্তানি রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করলেও এর সুফল পাচ্ছেন না ভোক্তারা৷
গতকাল বাজারে প্রতি কেজি ছোলা ৫৫ থেকে ৬০ টাকা, বরিশালের মোড়কজাত মুড়ি ১০০ টাকা এবং চিনি ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হয়৷ দু-তিন দিন আগেও এই মুড়ির দাম ছিল ৯০ টাকা৷
এক সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে দুই থেকে পাঁচ টাকা৷ আদার দাম কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ২৫০ টাকা।
চলতি মাসের শুরুতেই রাজধানীর প্রায় সব বাজারে গরুর মাংসের দাম কেজিতে ২০ টাকা বাড়ানো হয়েছে৷ বাজারভেদে এখন এই মাংস বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা৷