রোজার শুরুতেই তৎপর অজ্ঞান পার্টি
যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মলম ও অজ্ঞান পার্টি এবং ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল পৌনে নয়টায় পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগ ওই অভিযান চালায়।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের অন্য পেশা আছে। তারা সুযোগ বুঝে মানুষের সঙ্গে প্রতারণা করে। ঈদের সময় এদের তৎপরতা বেড়ে যায়।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা তিনভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তারা বাসে উঠেই লোক ঠিক করে ফেলে। তারপর ওই লোককে বিভিন্ন ওষুধ, ট্যাবলেট ও হালুয়া খাওয়ায়।
গতকাল মঙ্গলবার সকালে গোয়েন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগের একটি দলের কাছে কয়েকজনের আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। তারা ওই সব ব্যক্তিকে তল্লাশি করে। তাদের ব্যাগ থেকে বিভিন্ন উপাদান মেশানো হালুয়া উদ্ধার করা হয়। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে ডাব ও শরবত বিক্রির নামে মানুষকে অজ্ঞান করে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় চারজনকে আটক করা হয়।