রোটা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজার শিশু হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর ও এর আশপাশের আট জেলায় শিশুরা রোটা ভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এই রোগে আক্রান্ত হয়ে গত ৩২ দিনে ৫ হাজার ১০ জন শিশু আইসিডিডিআরবির চাঁদপুরের মতলব শাখার হাসপাতালে ভর্তি হয়েছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) চাঁদপুরের মতলব শাখা সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে এখানে প্রতিদিন গড়ে ৪৫-৫০টি শিশু ভর্তি হয়। কিন্তু গত ১০ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই কেন্দ্রে গড়ে ১৫৭ জন শিশু ভর্তি হচ্ছে। এ সংখ্যা স্বাভাবিক সময়ের তিন গুণের বেশি। আক্রান্ত শিশুদের মধ্যে পাঁচ বছর বয়সী শিশু ৪ হাজার ৫০৯ জন।
ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছর উল্লিখিত ৩২ দিনে ভর্তি হয়েছিল ৩ হাজার ৭৫১ জন শিশু। গতবারের তুলনায় এবার ভর্তি হওয়া শিশুর সংখ্যা অনেক বেশি।
আইসিডিডিআরবির মতলব শাখার জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা চন্দ্রশেখর দাস বলেন, দূষিত পানি পান ও ময়লা খাবার খাওয়ার কারণে শিশুরা এ রোগে আক্রান্ত হয়। সাধারণত শীতে শিশুরা এই রোগে আক্রান্ত হয়। শিশুদের ঘন ঘন পাতলা পায়খানা ও বমি হলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে। হাসপাতালে আক্রান্ত ছয় মাস বয়সী শিশুদের পরিমাণমতো খাওয়ার স্যালাইন ও মায়ের বুকের দুধ খেতে দেওয়া হচ্ছে। সাত মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে খাওয়ার স্যালাইন, বুকের দুধ ও প্রতিদিন একটি করে বেবি জিংক। আক্রান্ত শিশুদের সুজি, খিচুড়ি, ডাব, চিড়ার পানি, ভাতের মাড়সহ অন্য খাবার খেতে দিতে হবে।
গত মঙ্গলবার ওই শাখায় গিয়ে দেখা গেছে, সেখানকার প্রতিটি ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ভিড়। রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত এখানে ভর্তি হয়েছে ৮৫ জন।
হাজীগঞ্জ উপজেলার নাটোরা গ্রাম থেকে আসা এক বছর চার মাস বয়সী শিশু খাদিজা আক্তারের মা লাকি বেগম বলেন, ‘মাইয়াডা ঘন ঘন বমি ও পাতলা পায়খানা করতেছিল। গত রোববার এনো আনছি। স্যালাইন ও বেবি জিংক খাইতে দিছে। এহন একটু বালা।’
আইসিডিডিআরবি কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া শিশুদের মধ্যে চাঁদপুর সদরের ৪১৫, ফরিদগঞ্জের ৩৫৬, হাজীগঞ্জের ৩০৬, কচুয়ার ৩০২, হাইমচরের ৮৬, মতলব উত্তরের ২১০, মতলব দক্ষিণের ২১৬, শাহরাস্তির ২০৮, কুমিল্লার বরুড়ার ৪৪৬, মুরাদনগরের ৬৬, চান্দিনার ৩৩১, কুমিল্লা সদরের ২৮০, দাউদকান্দির ১২৪, দেবীদ্বারের ১৫২, বুড়িচংয়ের ৮০, লাকসামের ২০৩, মনোহরগঞ্জের ৮৮, তিতাসের ৮৩, লক্ষ্মীপুর সদরের ৩২৬, রায়পুরের ২১৮, রামগঞ্জের ২৬০, নোয়াখালীর চাটখিলের ৬৬, ফেনী সদরের ৮০, নোয়াখালী জেলা সদরের ৫৮, কক্সবাজার জেলা সদরের ৫, মুন্সিগঞ্জ জেলা সদরের ২০ ও শরীয়তপুর জেলা সদরের ২৫ জন রয়েছে।