উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৭বি সড়কটি শেষ কবে সংস্কার হয়েছে, কেউ জানে না। এলাকাবাসীর দেওয়া ইট-সুরকি সরে গিয়ে সড়কটি এখন কাঁচা মাটির গ্রাম্য পথ। একদিকে রোদ হলে প্রচণ্ড ধুলা আবার সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হওয়ায় চরম দুর্ভোগে আছেন বাসিন্দারা।
গতকাল বুধবার গিয়ে দেখা যায়, সড়কের ওপরে অবৈধভাবে গাড়ি পার্ক করা। হকাররা যত্রতত্র মালামাল নিয়ে বসে আছে। নির্মাণাধীন ভবনের ইট, বালু ইত্যাদি সরঞ্জাম দিয়ে সড়কের বেশির ভাগ দখল করে রাখা হয়েছে। বহুদিন সংস্কার না হওয়ায় সড়কের জায়গায় জায়গায় গর্ত সৃষ্টি হয়েছে।
সড়কে অবস্থিত একটি দোকানের মালিক রেজওয়ানা হাসান বলেন, সড়কটি কাঁচা হওয়ায় অল্প বৃষ্টিতে পানি জমে যায়। উত্তরাতে এটি একমাত্র সড়ক, যেটি একবার সংস্কারের পর আর সংস্কার করা হয়নি। বাড়ির মালিকেরা গর্তগুলো ইট-বালু দিয়ে ভরাট করলেও বৃষ্টির পানিতে তা উঠে যায়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অনেক বছর আগে সড়কটি পিচ ঢালাই করার পরে আর সংস্কারকাজ হয়নি। আশপাশের সড়কে পানিনিষ্কাশনের নালা থাকলেও এই সড়কটিতে পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই সামান্য বৃষ্টিতেই পুরো সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সড়কটিতে আবাসিক ভবন ছাড়াও রয়েছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা, দুটি ব্যাংকের শাখাসহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল বলেন, রোদ হলে ধুলাবালিতে টেকা দায়। আর বৃষ্টি হলে সড়কটি একদমই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা আসতে চায় না। জুতা খুলে হেঁটে শ্রেণিকক্ষে যেতে হয়।
ওই সড়কের ৬ নম্বর বাড়ির তত্ত্বাবধায়ক আবদুস সালাম জানান, তিন বছর ধরে তিনি এই বাড়ির দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে সড়কটি সংস্কার হতে দেখেননি। বেশ কয়েকবার সড়কের গর্তগুলো ভরাট করা হয়েছে। সেসব ইট-পাথরে সরে গিয়ে এখন সড়কটি কাঁচা মাটির হয়ে গেছে।
এলাকাবাসীর দাবি, সড়কটি নিয়ে কর্তৃপক্ষের কোনো নজর নেই। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খান প্রথম আলোকে বলেন, উত্তরা এলাকায় ইতিমধ্যে অনেক সড়কের সংস্কারকাজ চলছে। পর্যায়ক্রমে উত্তরার সব সেক্টরের সড়ক সংস্কার করা হবে। বর্তমানে যে সড়কগুলোতে কাজ চলছে, সেগুলো শেষ হওয়ার পরে আবার নতুন সড়কে কাজ শুরু হবে। তখন এই সড়কটিও সংস্কার হবে।