রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের রোদে দাঁড়িয়ে থাকতে হয়। এ ছাড়া মানুষ পদচারী–সেতু ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের রোদে দাঁড়িয়ে থাকতে হয়। এ ছাড়া মানুষ পদচারী–সেতু ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন আলেয়া-কবির দম্পতি ও তাঁদের দুই শিশুসন্তান। প্রচণ্ড রোদে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর তাঁরা বাস পেলেন। তখনো কয়েক শ মানুষ রোদে দাঁড়িয়ে বাসের অপেক্ষায়। যাত্রীছাউনির অভাবে এভাবে প্রতিদিন বহু মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেরঢাকা থেকে সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাট পর্যন্ত দূরত্ব ২৬ কিলোমিটার। এই সড়কের কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা ঘাট বাসস্ট্যান্ড ব্যবহার করে মানুষ বিভিন্ন গন্তব্যে যায়। কিন্তু এগুলোর একটিতেও যাত্রীছাউনি নেই।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী বলেন, এই সড়কে বাসের স্বল্পতা রয়েছে। যাত্রীদের বাসস্ট্যান্ডগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি ও গণশৌচাগারের ব্যবস্থা রয়েছে। কিন্তু সোনারগাঁয়ের কাঁচপুর, মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা ঘাট বাসস্ট্যান্ডে কোনো যাত্রীছাউনি ও শৌচাগার নেই। এ জন্য বিভিন্ন সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দেনদরবার করেওকোনো ফল মেলেনি।

মেঘনা ঘাট এলাকা থেকে বাসে করে মতিঝিলে নিয়মিত কর্মস্থলে (অফিস) যান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, ‘যাত্রাবাড়ীতে ফ্লাইওভার চালু হওয়ার পর অনেকেই সোনারগাঁ থেকে অফিস করছেন। তা ছাড়া এলাকার অনেক শিক্ষার্থীও প্রতিদিন বাড়ি থেকে রাজধানীতে যাচ্ছেন। বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীছাউনি না থাকায় ভোগান্তির শেষ নেই। যাত্রীদের রোদে পুড়তে হয়, না হলে বৃষ্টিতে ভিজতে হয়।’

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ বলেন, বাসস্ট্যান্ডগুলোতে শৌচাগার ও যাত্রীছাউনি না থাকায় পর্যটকেরা দুর্ভোগে পড়ছেন। পর্যটকদের আকৃষ্ট করতে যাতায়াতব্যবস্থার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রয়োজন।

সোনারগাঁ যুব সংঘের সভাপতি মোতালেব মিয়া বলেন, ‘যাত্রীছাউনি ও শৌচাগার নির্মাণের জন্য বিভিন্ন সরকারের আমলে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছি, লিখিত আবেদন করেছি। কিন্তু শুধু আশ্বাসই পেয়েছি।’

মেঘনা ঘাট থেকে গুলিস্তানে চলাচলকারী দোয়েল পরিবহনের চেয়ারম্যান গোলজার হোসেন বলেন, ঢাকাগামী যাত্রীর সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু যাত্রীছাউনি ও শৌচাগার না থাকায় যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা প্রথম আলোকেবলেন, যাত্রীছাউনি ও গণশৌচাগারের সংকটই সোনারগাঁবাসীসহ এই পথে যাতায়াতকারী যাত্রী ও পর্যটকদের প্রধান সমস্যা। এ বিষয়ে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা দরকার। বিষয়টি জেলা প্রশাসকসহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।