রোদ-বৃষ্টির মধ্যে ভোটের উৎসব
২৫ মে দুপুর। মাথার ওপর তপ্ত সূর্য। মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী রানা খান শাহীনকে পাওয়া গেল শনকাপন এলাকায়। রোদ ঠেকাতে মাথায় বেঁধে নিয়েছেন লাল গামছা। সঙ্গে প্রায় অর্ধশত সমর্থক।
এ বাড়ির সামনে তো, ও বাড়ির পেছন দিক, আরেক বাড়ির উঠান। Ñএমন করেই বাড়ি বাড়ি ছুটছেন সবাই। শাহীন আগেও একবার চেয়ারম্যান ছিলেন। সে সুবাদেই হয়তো নারী-পুরুষ ঘর থেকে বেরিয়ে এলেই হাত মিলিয়ে নিচ্ছেন, জড়িয়ে ধরছেন। দু-একজন নারী মাথায় হাত রেখে দোয়া করছেন।
প্রার্থী শাহীন বলেন, ‘শান্তিপূর্ণ প্রচারণা চলছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটলেও আমরা (প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা) আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করি। তবে গুজব ছড়ানো হচ্ছে, উপজেলা সদরে নিয়ে ভোট গণনা হবে। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা আছে।’
শনকাপন বাজারে ঢুকতেই ভোট উৎসবের আমেজ বোঝা যায়। সাদাকালো পোস্টারে গ্রামীণ হাটটি ছেয়ে আছে। শনকাপন গ্রামের যুবক ইকবাল আহমদ বলেন, ‘কেউ আচরণবিধি মানছে না। আমাদের দেশে যে নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠেছে, তাতে ভালো মানুষ বেরিয়ে আসা কঠিন।’
দুপুর গড়াতেই ইউনিয়নের দীঘিরপাড় বাজারে পাওয়া গেল বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী সুজিত দাশকে। তিনি বলেন, ‘দলীয় দু-একজন নেতা আমার বিপক্ষে কাজ করছেন। তারপরও উন্নয়নের ধারায় দলমত-নির্বিশেষ ইউনিয়নবাসী আমার পক্ষে।’
প্রায় বিকেলবেলা উপজেলার কামালপুর ইউনিয়নের নালিউড়ী গ্রামে পাওয়া গেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আলাউর রহমানকে। দল থেকে গতকাল রোববার তাঁকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষ থেকে আমার সমর্থকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তবে ৪২ বছর ধরে আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এই ইউনিয়নে দল আমার হাতে গড়া। দলের ৯৯ ভাগ মানুষই আমার লগে। আমারে বহিষ্কার করলেই কী। দলেই থাকব।’
বিকেলবেলা শুরু হলো তুমুল ঝড়-বৃষ্টি। থামতে হলো কামালপুর ইউনিয়নের থানার বাজারে। ঝড়-বৃষ্টির মধ্যেই নিজের কার্যালয়ে পাওয়া গেল জাতীয় পার্টির প্রার্থী আবদুল মালিককে। প্রচারণায় ছিলেন। বৃষ্টির কারণে ফিরে এসেছেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো রকমের বাধাবিপত্তি নেই। পরিবেশ ভালো।’
মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউপিতে আগামী ৪ জুন ভোট হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, কয়েকটি ইউনিয়নে বড় প্রতীক বানানো, কর্মীদের হুমকি-ধমকিসহ কিছু অভিযোগ পাওয়া গেছে। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।