রোবট খেলল ফুটবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে দুই রোবটের লড়াই l ছবি: প্রথম আলো(2)
ফুটবল মাঠে দুই রোবটের লড়াই l ছবি: প্রথম আলো(2)

ফুটবল মাঠটি দৈর্ঘ্যে ৯ ফুট, প্রস্থে ৬ ফুট। সবুজ ফুটবল মাঠটিকে ঘিরে অপেক্ষায় দর্শকেরা। মাঠে প্রস্তুত খেলোয়াড়েরাও। বাঁশি বেজে ওঠার সঙ্গে সঙ্গে মাঠে গড়াল ফুটবল। সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি।
এটুকু পড়ে নিশ্চয়ই পাঠকেরা ভাবতে শুরু করেছেন এত ছোট মাঠে ফুটবল কীভাবে খেলা সম্ভব! আসলে খেলোয়াড়েরা কেউ রক্ত-মাংসের মানুষ ছিলেন না, ফুটবল খেলেছে রোবটরা। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) হয়ে গেল রোবটদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার নাম ‘ফুটবট’। ‘আরএমএ ফুটবট-২০১৭’ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুয়েটসহ দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩০টি দলের রোবট। চুয়েটের সংগঠন রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন (আরএমএ) এই প্রতিযোগিতার আয়োজন করে।
গতকাল সকালে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের প্রধান সজল চন্দ্র বণিক, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং প্রকৌশল বিভাগের প্রধান জামাল উদ্দিন আহাম্মেদ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মোহাম্মদ সামসুল আরেফিন।
চুয়েটের উপাচার্য বলেন, বর্তমান প্রজন্ম অনেক বেশি মেধাবী। যেকোনো অসাধ্য সাধন করার ক্ষমতা তাদের আছে। প্রযুক্তির এই বিশ্বে রোবটের বহুমুখী চর্চার প্রয়োগ ঘটানো হচ্ছে। চুয়েট আরএমএ দেশের রোবটিক চর্চারÿক্ষেত্রে অনেক অবদান রেখেছে। তাদের এ অগ্রযাত্রায় চুয়েট প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা করা হবে।
ফুটবল খেলাকে প্রতিযোগিতার বিষয় হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে ‘আরএমএ ফুটবট-২০১৭’-এর আহ্বায়ক সারোয়ার হাসান প্রথম আলোকে বলেন, রোবট গবেষণায় উন্নতি করতে হলে প্রথমে রোবটের প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে হবে। ফুটবল খুবই জনপ্রিয় খেলা। নতুন প্রজন্মকে রোবট গবেষণায় উৎসাহিত করতে তাই খেলার বিষয় হিসেবে ফুটবলকে বেছে নেওয়া হয়েছে।
ফুটবল খেলায় প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকলেও গতকাল রোবটদের ফুটবলে প্রতি দলে একজন করে খেলোয়াড় ছিল। প্রতি ম্যাচের জন্য সময় নির্ধারিত ছিল ১০ মিনিট। প্রতিপক্ষকে এড়িয়ে গোল দেওয়া ও রোবটের নিয়ন্ত্রণকৌশলের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় বিজয়ী রোবট। রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা হয় মঞ্চের বাইরে থেকে দূরনিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে।
আয়োজকেরা জানান, বিশ্বকাপ ফুটবলের আদলে সাজানো প্রতিযোগিতায় ৩০টি দলের অংশগ্রহণে ৫টি রাউন্ডে ফাইনালসহ ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্পার্টা রেডেমশন দল (চুয়েট)। রানার্সআপ হয়েছে এফসি সাউথ রাইজার দল (চুয়েট)।