সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আগামীকাল রোববার থেকে খুলে দেওয়া হবে। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল ক্যাম্পাসে ছাত্রলীগের বিবদমান পক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সঙ্গে কথা বলেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। রোববার থেকে বৈধ ছাত্রদের হলে তুলে দেওয়ার পর ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা নিয়মিত হবে বলে আশা করছি।’
আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সংঘর্ষ এড়াতে বুধবার এক জরুরি সিন্ডিকেট সভায় ছাত্রদের আবাসিক হলগুলো ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভায় ওই দিন থেকে ক্লাস-পরীক্ষা চালু করা হয়। তবে ছাত্রদের আবাসিক হলগুলো ২৫ ডিসেম্বর বৈধ ছাত্রদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।