রোববার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগামী রোববার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকেরা৷ গতকাল বৃহস্পতিবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এর আগে একজন শিক্ষকের মানহানির অভিযোগের ঘটনার বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছিলেন শিক্ষকেরা৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২১ মে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে একজন শিক্ষকের অফিসকক্ষে বহিরাগত একজন নারী, একজন পুরুষসহ সংশ্লিষ্ট শিক্ষককে কে বা কারা অবরুদ্ধ করেন৷ এ সময় কিছু শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন৷ তবে ওই শিক্ষকের দাবি, ছাত্রলীগ নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে তাঁর মানহানির চেষ্টা করছেন৷ এই মানহানি চেষ্টার বিচার দাবি করে ২২ মে অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানায় শিক্ষক সমিতি৷
গতকাল সমিতির সাধারণ সভায় ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করার আগে সকালে উপাচার্যকে মানহানির অভিযোগের ঘটনায় একটি প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি৷