রোববার থেকে চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে চট্টগ্রামে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু হবে। এ উপলক্ষে আজ শুক্রবার থেকে টানা দুই দিন মাইকিং করে অবৈধ বিলবোর্ড সরানোর তাগাদা দেবে পুলিশ প্রশাসন। নগরজুড়ে চলবে এই মাইকিং।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল, সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা ও চিটাগাং আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন, বিলবোর্ডের কারণে চট্টগ্রামের নান্দনিক সৌন্দর্য ঢাকা পড়েছে। নগরের বিভিন্ন মোড়েও বিলবোর্ড লাগানো হয়েছে, যে কারণে গাড়িচালকদের সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে পুলিশের ট্রাফিক ব্যবস্থায়। আগামী দুই দিনের মধ্যে এসব বিলবোর্ড সরানো না হলে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে পুলিশ সদস্যরা অবৈধ বিলবোর্ড সরানোর কাজ শুরু করবেন।
বৈঠকে সিটি করপোরেশনের রাজস্ব প্রতিনিধি মো. শামসুল আলম বলেন, নগরে অবৈধ বিলবোর্ডের সংখ্যা ৪২২টি। কিন্তু তাঁর এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বৈঠকে অভিযোগ ওঠে। বাস্তবে অবৈধ বিলবোর্ডের সংখ্যা কয়েক হাজার হতে পারে। বিশেষ করে সড়ক বিভাজকগুলোতে বিলবোর্ডগুলোর কোনো বৈধতা নেই, যা শামসুল আলম নিজেই স্বীকার করেন। অথচ সেগুলো গণনার বাইরে রাখা হয়।
গতকালের বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, সিটি করপোরেশন কর্তৃপক্ষ এবং চিটাগাং আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের অবৈধ বিলবোর্ড সরানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। এখন আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। রোববার থেকে অবৈধ বিলবোর্ড সরানোর কাজ শুরু হবে।
শহিদুর রহমান বিভিন্ন প্রতিষ্ঠান ও বিলবোর্ড ব্যবহারকারীদের উদ্দেশে বলেন, ‘অবৈধ বিলবোর্ড ভাড়া নেবেন না। সবকিছু যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিলবোর্ড ভাড়া নেবেন।’
গতকালের বৈঠকে আরও উপস্থিত ছিলেন নগরের বিভিন্ন অঞ্চলের উপকমিশনার ও অতিরিক্ত উপকমিশনার, চিটাগাং আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদ মাহমুদ ও গণমাধ্যমকর্মীরা।