রোববার থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে অবৈধ যান চলাচল, চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবি আদায়ে রাজশাহী বিভাগীয় আন্দোলন কমিটি করেছেন বাস-ট্রাক মালিক-শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে ৬১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী রোববার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মুনজুর রহমান জানান, দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এ সম্মেলনে আগামী রোববার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগের সব জেলায় পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে আন্দোলন পরিচালনার জন্য ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল লতিফ মণ্ডল, বিভাগীয় ট্রাক মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পরিবহন মালিক-শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধ, সিএনজিচালিত অটোরিকশা, মহেন্দ্র, থ্রি-হুইলার রুট পারমিট-বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ, রুট পারমিট প্রদান বন্ধ ইত্যাদি৷