রোববার থেকে 'বিজয় উৎসব'
বিজয় দিবস আসন্ন। এ দিনটিকে সামনে রেখে নানা আয়োজন নিয়ে ব্যস্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। থেমে নেই দেশের সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক সংগঠন ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ও। নতুন চেতনায় দেশপ্রেমে শাণিত হওয়ার আত্মপ্রত্যয়ে বলীয়ান হয়ে প্রতিবারের মতো এবারও সংগঠনটি প্রস্তুতি নিচ্ছে ব্যাপক আয়োজনের। ‘বিজয় উৎসব ২০১৫’ শিরোনামে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় একযোগে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি সারা দেশের জোটের সদস্য সংগঠনগুলোও স্থানীয়ভাবে আয়োজন করবে আট দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘যুদ্ধাপরাধীদের বিচারের পথে, জঙ্গিবাদকে দাঁড়াও রুখে’-এমন প্রতিবাদমুখর আর দেশপ্রেমের চেতনায় নতুন করে শাণিত হওয়ার স্লোগানে সংগঠনটির এবারের এই আয়োজন শুরু হবে রোববার (১৩ ডিসেম্বর) থেকে। ওই দিন বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজনের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম।
রাজধানীজুড়ে ব্যাপক ও বিস্তৃত পরিসরে এবারের উৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। এতে জানানো হয়, ২০ ডিসেম্বর পর্যন্ত এ উৎসব একযোগে চলবে রাজধানীর বিভিন্ন জায়গায় ১৪টি মঞ্চে। নাচ, গান, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র ও আলোচনা সভাসহ নানা আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে উৎসব। প্রয়াত মুক্তিযোদ্ধা, নাট্যকর্মী, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংগীতশিল্পীদের নামে বিভিন্ন মঞ্চের নামকরণ করা হয়েছে এবার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের শুরুতেই উৎসবের বিস্তারিত তুলে ধরেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও এবারের এ উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক-গোলাম কুদ্দুছ। এ সময় আইটিআই এর সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও জোটের সাধারণ সম্পাদক ও বিজয় উৎসব উদ্যাপন পরিষদের সমন্বয়ক হাসান আরিফ, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আহম্মদ গিয়াস, আবৃত্তিশিল্পী মাসকুর এ সাত্তার, সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্যে জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, উৎসবের প্রথম দিনের আয়োজন থাকবে কেবলমাত্র শহীদ মিনারে। ১৪ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে উৎসবের আয়োজন একযোগে চলবে কেন্দ্রীয় শহীদ মিনার, রায়েরবাজার বধ্যভূমি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর (টিএসসি), রবীন্দ্র সরোবরের ভাষাসংগ্রামী তোফাজ্জল হোসেন মঞ্চ, মিরপুরের-শিল্পী নঈম গওহর মঞ্চ, নাট্যশিল্পী রফিকুল ইসলাম মঞ্চ, মুক্তিযোদ্ধা আমিনুল হক বাদশা মঞ্চ, মুকুল ফৌজ মাঠ, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ, প্রভাত মাঠ, সুবল দাস চলচ্চিত্র মঞ্চ এবং টি অ্যান্ড টি কলোনি মাঠ প্রাঙ্গণে। এ ছাড়া রাজধানীর দনিয়ার বর্ণমালা স্কুল ও কলেজ প্রাঙ্গণ এবং দনিয়ার সংলগ্ন সড়কের মাসুদ আহমেদ চৌধুরী মঞ্চে বিজয় দিবসের দিন থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত উত্তরা রবীন্দ্র সরণির ভাষা সৈনিক শরফুদ্দিন মঞ্চে ১৭ থেকে ১৮ ডিসেম্বর এবং রাজধানীর বাহাদুর শাহ্ পার্ক মঞ্চে ১৯ থেকে ২০ ডিসেম্বর এ বিজয় উৎসবের আয়োজন থাকবে।
তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর সকাল ১০টায় দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের হবে। এটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হবে। এ ছাড়া ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ওই দিন বিকেল ৪টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চে বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে গণসংগীত শিল্পী ফকির আলমগীর বলেন, ‘এবারের বিজয় উৎসব উদ্বোধন করবেন আমার সতীর্থ শিল্পী সুজেয় শ্যাম। এ জন্য নিজে গৌরবান্বিত বোধ করছি। বিজয় উৎসবে এবার ÿত-বিÿত এক ধ্বনি উচ্চারিত হবে দেশের সর্বত্র।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘স্বৈরাচারের পতনের মধ্যদিয়ে ১৯৯০ সালে জোটের প্রধান ফয়েজ আহমদকে আহ্বায়ক করে প্রথমবারের মতো ঢাকায় বিজয় উৎসব হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখন এ উৎসবের ব্যাপকতা অনেক, এটা এখন সবার উৎসব। এবারের উৎসব আরও তাৎপর্যপূর্ণ। যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের ফলে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে। সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা এর বিরুদ্ধে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।’
সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিজয় উৎসব উদ্যাপন পরিষদের সমন্বয়ক হাসান আরিফ জানান, ‘এবারের এ বিজয় উৎসবে প্রায় তিন শতাধিক সংগঠন অংশগ্রহণ করবে। এসব সংগঠনের পরিবেশনায় থাকবে- দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, গণসংগীত, পথনাটক প্রদর্শন। এসব পরিবেশনায় দেশের বরেণ্য শিল্পীদের পাশাপাশি শিশু-কিশোররাও অংশ নেবে। এবারের এ বিজয় উৎসবের অন্যতম আকর্ষণ- প্রতিদিন কোনো না কোনো মঞ্চে একক পরিবেশনায় অংশগ্রহণ করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা।