রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বলেছে, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে বিজিপির দমন-পীড়নের মাত্রা বেড়েছে।
অনুপ্রবেশকারীদের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন সেনারা রাখাইনের মংডুর আশপাশের অন্তত ১২টি রোহিঙ্গা গ্রামে গুলিবর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে। এতে অন্তত ২৩ জন নিহত ও শতাধিক রোহিঙ্গা আহত হয়। আতঙ্কিত রোহিঙ্গারা নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আসছে।
গতকাল সোমবার সীমান্ত অতিক্রম করে টেকনাফ ও উখিয়ায় অনুপ্রবেশ করেছে প্রায় ১ হাজার ১০০ রোহিঙ্গা। অনুপ্রবেশের আশায় নাফ নদীর মিয়ানমার সীমান্তে নৌকায় ভাসছে পাঁচ শতাধিক রোহিঙ্গা। রাখাইন সীমান্তে জড়ো হয়েছে আরও কয়েক হাজার রোহিঙ্গা। সুযোগ পেলেই তারা অনুপ্রবেশ করবে।
সকালে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে গিয়ে দেখা মেলে অনুপ্রবেশকারী কয়েক শ রোহিঙ্গার। শিবিরের এ-৩ নম্বর ব্লকের ১০ ফুটের একটি ঘরে আশ্রয় নিয়েছে আট পরিবারের ৩১ জন রোহিঙ্গা। এর মধ্যে আছে ১৫ নারী ও ১২ শিশু। সবার বাড়ি রাখাইনের নাইছাপ্রু গ্রামে। গত রোববার রাতে তারা নৌকায় টেকনাফের হোয়াইক্ষ্যংয়ে আসে। সকালে সেখান থেকে জিপ গাড়ি ও অটোরিকশায় এই শিবিরে আসে। প্রায় ১০ কিলোমিটার সড়ক পাড়ি দেওয়ার সময় কেউ তাদের বাধা দেয়নি।
এই দলে আছেন রোহিঙ্গা আয়েশা বেগম (২০)। সঙ্গে তিন শিশুকন্যা। তৈয়ুবার বয়স সাত মাস, হাসিনার দুই ও কিছমত আরার বয়স তিন বছর। আয়েশা বলেন, শনিবার রাতে প্রায় ২০০ সেনা ও পুলিশ তাঁদের গ্রাম (নাইছাপ্রু) ঘিরে ফেলে। তারপর রোহিঙ্গাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে অনেকের সঙ্গে তাঁর স্বামী মো. ছৈয়দও নিহত হন। তিনি পাশের জঙ্গলে আশ্রয় নেন। পরে তিন সন্তান নিয়ে টেকনাফ পালিয়ে আসেন। এখন কোথায় থাকবেন, সন্তানদের কী খাওয়াবেন, তা জানেন না।
অনুপ্রবেশ করা রোহিঙ্গা সলিম উল্লাহ, করিম উল্লাহ ও মরিয়ম বেগম বলেন, এত দিনেও রাখাইন রাজ্যে সেনা ও পুলিশের রোহিঙ্গাবিরোধী দমন-পীড়ন বন্ধ হয়নি। লক্ষণও ভালো নয়। প্রায় ১২টি গ্রাম থেকে ইতিমধ্যে ১৫ হাজার রোহিঙ্গাকে উচ্ছেদ করা হয়েছে।
>টেকনাফ ও উখিয়ায় গতকাল অনুপ্রবেশ করেছে প্রায় ১ হাজার ১০০ রোহিঙ্গা। অনুপ্রবেশের আশায় নাফ নদীর মিয়ানমার সীমান্তে নৌকায় ভাসছে পাঁচ শতাধিক রোহিঙ্গা
এই শিবিরের তিনটি শেডের রোহিঙ্গা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হাফেজ বলেন, গতকাল সকালে এই শিবিরে আশ্রয় নিয়েছে ১১০ পরিবারের প্রায় ৭০০ রোহিঙ্গা। এদের মধ্যে প্রায় ৫০০ জন নারী ও শিশু। গত কয়েক দিনে এখানে এসেছে প্রায় সাত হাজার রোহিঙ্গা। মিয়ানমার সীমান্তে আরও কয়েক হাজার রোহিঙ্গা অবস্থান নিয়েছে। বিজিবি ও কোস্টগার্ডের টহলের কারণে তারা আসতে পারছে না।
টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা শিবির ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুদু মিয়া বলেন, গতকাল এই শিবিরে ১৫৫ জন রোহিঙ্গা এসেছে। এর আগে কয়েক দিনে আশ্রয় নেয় ১ হাজার ৩৯৮ রোহিঙ্গা। গতকাল দুপুরে ওই শিবিরে অবস্থানকালে কয়েকজন রোহিঙ্গাকে ঢুকতে দেখা গেছে।
টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, গতকাল এই এলাকায় উঠেছে আড়াই শতাধিক রোহিঙ্গা। তারা উখিয়া ও কক্সবাজারের দিকে চলে গেছে।
রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন কমিটির সভাপতি ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, গতকালও ব্যাপক রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। বেশির ভাগ ঢুকছে কুতুপালং ও লেদা শিবিরে। নতুন আসা রোহিঙ্গারা পুরোনো রোহিঙ্গাদের সঙ্গে মিশে যাচ্ছে। সকালে কুতুপালং শিবিরে আশ্রয় নেন রোহিঙ্গা গৃহবধূ তৈয়বা খাতুন (৪০)। সঙ্গে কিশোরী মেয়ে আরেফা বেগম। তাঁর বাড়ি রাখাইনের খেয়ারীপ্রাং গ্রামে। পালিয়ে আসার কারণ জানতে চাইলে তৈয়বা বলেন, ‘২৭ নভেম্বর রাতে সেনা, পুলিশ ও মগদের বর্বরতায় স্বামীসহ পরিবারের সাতজনকে হারিয়েছি। আর তো কিছুই নাই। নিজেদের রক্ষায় পালিয়ে এসেছি।’
দুই সীমান্তে কড়া টহল, থামছে না অনুপ্রবেশ: দুপুরে টেকনাফের নেটং পাহাড়ে উঠে দেখা গেছে, নাফ নদীর মাঝপথে মানুষবোঝাই কয়েকটি নৌকা ভাসছে। এই পাহাড়সহ টেকনাফ সীমান্তের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বিজিবি ও কোস্টগার্ড। মিয়ানমার সীমান্তের নাফ নদীতে পাঁচ-ছয়টি স্পিডবোট নিয়ে টহল দিচ্ছে সে দেশের পুলিশ। এর মধ্যেও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। রোববার অনুপ্রবেশ করেছে প্রায় ৩০০ রোহিঙ্গা। গতকাল অনুপ্রবেশ করে এর চার গুণেরও বেশি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক আছে। গতকাল ভোররাতে টেকনাফে অনুপ্রবেশের সময় আটটি নৌকাসহ দেড় শতাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। গত কয়েক দিনে ফেরত পাঠানো হয়েছে ৫৮টি নৌকাসহ ৯৩১ জনকে।
স্থানীয় লোকজন বলেছে, নাফ নদী দিয়ে অনুপ্রবেশে সমস্যা হওয়ায় রোহিঙ্গারা এখন বঙ্গোপসাগর পাড়ি দিয়ে টেকনাফের পশ্চিম দিকের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া, জাহাজপুরা, হাজামপাড়া ও মনখালী সীমান্ত দিয়ে ঢুকছে।
রোহিঙ্গাদের জন্য সীমান্ত সাময়িক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট: নিজস্ব প্রতিবেদক জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে বাধা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। এতে কিছু সময়ের জন্য সীমান্ত খুলে দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী আবু ইয়াহিয়া দুলাল রিট আবেদনটি করেন। পরে তিনি প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার আবেদনটি শুনানির জন্য তালিকায় আসবে।