রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশ, মিয়ানমার এবং এই অঞ্চলের দেশগুলোকে সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর দেশ। গতকাল মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন বার্নিকাট। খবর ইউএনবির।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, কয়েক দশক ধরে বাংলাদেশ হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। এ ধরনের মানবিক কাজের জন্য তিনি বাংলাদেশের প্রশংসা করেন।
দুই দিনের সফরে গত সোমবার কক্সবাজারে গিয়ে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী, রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করা সংগঠন ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন বার্নিকাট। শরণার্থীদের সমস্যা ঘুরে দেখেন। এ ছাড়া তিনি ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত দুটি প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্প দুটির একটি বাংলাদেশ সরকারের মানব পাচার রোধে জাতীয় কর্মপরিকল্পনা। জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের অধীন অপর একটি প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পটির অধীনে আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার মাধ্যমে স্বচ্ছতা, সুশাসন ও সরকারি সেবার মান বৃদ্ধি এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে সময়, খরচ এবং অসুবিধা দূর করা হয়।