মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সশস্ত্র বাহিনীর নিপীড়নের বিরুদ্ধে সরব হচ্ছে আসিয়ানভুক্ত প্রভাবশালী দেশগুলো। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থার (আসিয়ান) সদস্যরা সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। তবে গত অক্টোবর থেকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর হামলার পর থেকে আসিয়ানভুক্ত দেশ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড আগের অবস্থান পরিবর্তন করেছে।
মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকের পর এক কর্মকর্তা গতকাল বুধবার বলেছেন, রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে সশস্ত্র বাহিনীর নিপীড়ন শুরুর পর এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কক্সবাজারে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীশিবির ও অস্থায়ী শিবির পরিদর্শন করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
সরেজমিনে পরিস্থিতি দেখে ও লোকজনের সঙ্গে কথা বলে রেতনো মারসুদি নতুন কিছু দেখেছেন ও বুঝেছেন বলে মনে করছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম গতকাল দুপুরে তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিজে শরণার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। যেসব লোক একেবারে সাম্প্রতিক সময়ে, এমনকি তিন-চার দিন আগে এসেছেন, তাঁদের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁদের কারও হাত ভাঙা কিংবা পা পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ স্বজনদের হারিয়েছেন। লোকজন জানিয়েছেন, কারা তাঁদের ওপর আক্রমণ করেছে, কারা তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, সে সত্যিকার চিত্র তিনি (মারসুদি) দেখে গেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মনে করেন, কক্সবাজারে শরণার্থীদের সঙ্গে কথা বলে রেতনো মারসুদির যে অভিজ্ঞতা হয়েছে, ভবিষ্যতে তা রোহিঙ্গা সমস্যা সমাধানের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সহায়ক হবে।
সম্প্রতি রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারে আসিয়ানভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফর করেন রেতনো মারসুদি। কক্সবাজারে নিবন্ধিত ও অনিবন্ধিত শিবিরে এটি হচ্ছে আসিয়ানভুক্ত কোনো দেশের মন্ত্রীর প্রথম সফর।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রচার করেছে। এতে বলা হয়েছে, গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রাখাইন রাজ্যের সংখ্যালঘুদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য মূল উৎসে নজর দেওয়ার ওপর জোর দেন। বাংলাদেশ যেহেতু সন্ত্রাসবাদে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে, তাই এ দেশের ভূখণ্ড যে প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবহার হতে দেওয়া হবে না, সে ব্যাপারেও রেতনো মারসুদিকে আশ্বস্ত করেছেন মাহমুদ আলী। নিরাপত্তার ক্ষেত্রেও বাংলাদেশ মিয়ানমারকে সহযোগিতা করে যেতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে জঙ্গিবাদের হুমকি কার্যকরভাবে মোকাবিলার জন্য কার্যকর সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। এ প্রসঙ্গে মাহমুদ আলী বলেন, রাখাইন জনগোষ্ঠীর দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা ও ক্ষোভ এবং নানা রকম ঝুঁকিকে পুঁজি করতে পারে আন্তরাষ্ট্রীয় জঙ্গি সংগঠনগুলো। এই ঝুঁকি মোকাবিলায় মিয়ানমারকে সহযোগিতা করতে তৈরি আছে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্সের সভা গতকাল পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকায় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকের পর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই প্রতিবেদককে বলেন, রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে সশস্ত্র বাহিনীর নিপীড়ন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এই পরিস্থিতিতে বিজিবিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ পর্যন্ত মানবিক কারণে যেসব রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের সংখ্যা নিরূপণ করে প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার প্রসঙ্গ নিয়ে টাস্কফোর্সের সভায় আলোচনা হয়েছে বলে সূত্র বলেছে।