রোহিঙ্গা নির্যাতন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের পুয়াংখালী গ্রামের দুই বোন সব হারিয়ে পালিয়ে এসেছেন কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে। গতকাল শনিবার সকালে তাঁরা বললেন, চোখের সামনে এক সেনা তাঁদের বাবাকে গুলি করে হত্যা করে। তাঁরাও ধর্ষণের শিকার হয়েছেন। এখন তাঁদের কোনো ঠিকানা নেই।
২১ নভেম্বর রাতে এই দুই তরুণী নাফ নদী পেরিয়ে টেকনাফের মুছনীতে আসেন। পরে আশ্রয় নেন এই ক্যাম্পে। গত শুক্রবার রাতে ওই ক্যাম্পে আশ্রয় নেওয়া নুর বেগমের অসুস্থ শিশুসন্তান জানে আলম গতকাল ভোরে মারা গেছে। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, দমন-পীড়ন চলছেই।
পুয়াংখালী থেকে আসা দুই বোন বলেন, ৯ অক্টোবর কে বা কারা রাখাইন রাজ্যের সীমান্তে পুলিশের ছাউনিতে হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ মারা যাওয়ার এবং অস্ত্র লুটের খবর রটে। পরদিন রাতে হঠাৎ সেনাসদস্যরা তাঁদের গ্রাম ঘিরে ফেলে রোহিঙ্গাদের ধরপাকড়, হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করে। বাবা তাঁদের নিয়ে জঙ্গলে লুকিয়ে ছিলেন। তাঁদের মা অনেক আগে মারা গেছেন। ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে সেনারা আবার ওই গ্রামে হামলা চালায়। সেনাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় রাখাইন ও মগ যুবকেরা।
বড় বোন বললেন, মগরা ঘরে ঘরে ঢুকে জিনিসপত্র ও ধান-চাল লুট করে। এক মগ যুবক তাঁর ছোট বোনকে ধর্ষণের চেষ্টা করলে বাবা প্রতিবাদ করেন। তখন এক সেনা চোখের সামনে বাবাকে গুলি করে হত্যা করে। সেদিন আরও কয়েকজন মেয়ের মতো তাঁদের দুই বোনকেও ধর্ষণের শিকার হতে হয়। সেদিনও হত্যা, অগ্নিসংযোগ করা হয়। ছোট বোন বললেন, আরাকান (রাখাইন) থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করতেই এই বর্বরতা। তাঁরা বললেন, ক্যাম্পের ১০ ফুটের এই ঘরে দিনে তাঁরা ২০-২৫ জন রোহিঙ্গা থাকেন। তবে নিরাপত্তার জন্য রাতে দুই বোন চলে যান অন্য এক ঘরে। এভাবে কত দিন? বিজিবি-পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বের হতে পারেন না।
এই ক্যাম্পের সভাপতি দুদু মিয়া বলেন, নাফ নদী পার হয়ে আসার সময় স্থানীয় এক দালাল দুই বোনের টাকাপয়সা, দুল ও আংটি কেড়ে নেয়। কড়া নিরাপত্তার কারণে দুই বোনের চিকিৎসাও সম্ভব হচ্ছে না। কাপড়চোপড়, খাবারের সংকট তো আছেই। ভোরে লেদা ক্যাম্পে মারা গেছে জানে আলম (৬) নামে এক রোহিঙ্গা শিশু। তার মা নুর বেগম (২২) বলেন, শুক্রবার রাতে তিনি টেকনাফে অনুপ্রবেশ করে এই ক্যাম্পে আশ্রয় নেন। সঙ্গে ছিল আরও ১৭ জন রোহিঙ্গা। তীব্র শীতে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে তাঁর ছেলে মারা গেছে। চিকিৎসা পেলে হয়তো বাঁচানো যেত।
জানে আলমের লাশ দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় স্বামী ও সন্তানহারা নুর বেগম তাকিয়ে ছিলেন নির্বাক দৃষ্টিতে।
বন্ধ হয়নি অত্যাচার: গতকাল পালিয়ে টেকনাফের লেদা ও উখিয়ার কুতুপালং ক্যাম্পে আসা কয়েকজন রোহিঙ্গা বললেন, রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নির্যাতন, বর্বরতা বন্ধ হয়নি। শুক্রবার রাতেও রাজ্যের বলিবাজার, হাতিপাড়ায় ২০টির বেশি ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। ব্যাপক গোলাগুলির শব্দও শোনা গেছে। লেদা ক্যাম্পে আসা রোহিঙ্গা নবী হোসেন বলেন, দিনে কেউ ঘর থেকে বেরোতে পারছে না। তাই রাতে মিয়ানমারের বিজিপি সদস্যদের ‘ম্যানেজ’ করে তাঁরা নৌকায় ওঠেন।
আরেক রোহিঙ্গা সৈয়দ আলম বলেন, বাংলাদেশে পালিয়ে আসার জন্য রাখাইন রাজ্যে কয়েক হাজার রোহিঙ্গা নারী-শিশু অপেক্ষা করছে। সেখানে খাবারের তীব্র সংকট চলছে। রোহিঙ্গাদের আয়-রোজগার বন্ধ থাকায় এবং ঘরের ধান-চাল লুট হওয়ায় হাহাকার চলছে। ত্রাণ তৎপরতাসহ অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য সেখানে বিদেশি কোনো সংস্থার লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
রোহিঙ্গা জামাল হোসেনের দাবি, মগরা রাখাইনে তাঁর বাড়িতে আগুন দেয়। ওই আগুনে পুড়ে মারা গেছে তাঁর দুই শিশুসন্তান হাশেম (৪) ও জাফর (৩)। এ হত্যার বিচার করবে কে?
এদিকে টেকনাফ স্থলবন্দরে মালামাল নিয়ে আসা মিয়ানমারের ব্যবসায়ী ওয়াং মং (৪৫) বলেন, সিটোয়েতে (সাবেক আকিয়াব) রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন নেই। তবে রাখাইনে রোহিঙ্গারা ঘরবাড়ি হারা হচ্ছে। সেখানে সেনাবাহিনী ও বিজিপির টহল জোরদার রয়েছে। সন্ধ্যার পর লোকজনকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সভাপতি আবদুল হাফেজ বলেন, শুক্রবার রাতে সেনাবাহিনী রাখাইনের বলিবাজার ও হাতিপাড়া ঘিরে রোহিঙ্গা পুরুষদের ব্যাপক ধরপাকড় করে। এ সময় গুলিতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মংডুর আশপাশের আরও কয়েকটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। বিজিবির কড়া টহলের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে পারছে না। তারা নাফ নদীতে নৌকা নিয়ে ভাসছে।
টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের কর্মকর্তা (সহকারী উপপরিদর্শক) মো. হোসেন বলেন, রাখাইন রাজ্যে ৯ অক্টোবরের হামলার ঘটনার পর থেকে টেকনাফ ও মংডুর মধ্যে চালু তিন দিনের সীমান্ত ট্রানজিট বন্ধ আছে। বাংলাদেশে আটকে পড়া মিয়ানমারের ৩৩৩ জন ব্যবসায়ীকে ইতিমধ্যে সে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্র বলেছে, নাফ নদী পেরিয়ে টেকনাফের সঙ্গে মংডু যাতায়াতের এক দিনের সীমান্ত ট্রানজিটও বন্ধ ১০ অক্টোবর থেকে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টম সুপার আবদুল মান্নান বলেন, আগে এই বন্দরে আমদানি হতো মিয়ানমারের শতকোটি টাকার পণ্য। এ থেকে প্রতি মাসে সরকার রাজস্ব পেত প্রায় সাত কোটি টাকা। রাখাইন রাজ্যের অশান্ত পরিস্থিতির কারণে আমদানি-রপ্তানি কমে গেছে।