রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন জাতিসংঘের বিশেষ দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ জাতিসংঘের বিশেষ দূত তৃতীয় দিনের মতো  কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।ছবি: প্রথম আলো
আজ জাতিসংঘের বিশেষ দূত তৃতীয় দিনের মতো কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।ছবি: প্রথম আলো

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অত্যাচার-নির্যাতনের বর্ণনা শুনেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি ই। আজ বৃহস্পতিবার তিনি তৃতীয় দিনের মতো কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। শেষে ইয়াংহি ই স্থানীয় সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সমস্যাবিষয়ক পাওয়া সব তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হবে। আগামী ১৩ মার্চ প্রতিবেদনটি প্রকাশ করার কথা।


রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইয়াংহি ই গত মঙ্গলবার কক্সবাজার আসেন। এরপর তিনি উখিয়ার কুতুপালং শিবির ছাড়াও টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীশিবির, লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির ও উখিয়ার অনিবন্ধিত বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। গত মঙ্গলবার রাতে তিনি কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে রোহিঙ্গা বিষয় নিয়ে বৈঠক করেন। এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজ সকাল সাড়ে আটটায় জাতিসংঘের এই বিশেষ দূত সড়কপথে উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে পৌঁছান। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সদ্য আসা ৩০ জনের মতো রোহিঙ্গার সঙ্গে কথা বলেন। এ সময় রোহিঙ্গারা তাঁকে বলেন, মিয়ানমার সরকার তাঁদের নাগরিকত্ব দিলে তাঁরা নিজ দেশে ফিরে যাবেন। কিন্তু মিয়ানমার তাতে রাজি হবে কি না সন্দেহ আছে। এ ব্যাপারে মিয়ানমারের ওপর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের চাপ বাড়ানো উচিত।
গতকাল বুধবার জাতিসংঘের বিশেষ দূত উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শনে গেলে একই দাবি জানান সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এ সময় তাঁরা জাতিসংঘের বিশেষ দূতের কাছে একটি চিঠিও দেন। চিঠিতে রাখাইন রাজ্যে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষদের অত্যাচার নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ নানা অভিযোগ উত্থাপন করা হয়। চিঠিতে রাখাইন রাজ্যের একটিমাত্র গ্রামে গত চার মাসে ৩৬ নারী ধর্ষণ ও ৪২ জনকে হত্যার তালিকা দেওয়া হয়।

রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব বাকি বিল্লাহ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্মকর্তা সৈকত বিশ্বাস, উখিয়া সহকারী কমিশনার (ভূমি) নুর উদ্দিন শিবলী, উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের প্রমুখ।